বিচারপতিদের বেতন দ্বিগুণ করে সংসদে বিল পাস
উচ্চ আদালতের বিচারপতিদের বেতন-ভাতা দ্বিগুণ করে গতকাল মঙ্গলবার সংসদে সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধন) বিল ২০১৬ পাস হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিল সম্পর্কে আইনমন্ত্রী বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বেড়েছে। দেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটসহ সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন স্কেল ঘোষণা করার কারণে বাংলাদেশের প্রধান বিচারপতি, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারকদের জন্য সময়োপযোগী বেতন-ভাতাদি নির্ধারণ করা প্রয়োজন।
বিলে প্রধান বিচারপতির বেতন ৫৬ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ১০ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা সাত হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা, ডমেস্টিক এইড (গার্হস্থ্য সহায়তা) ভাতা ১ হাজার ৬২৫ থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা, কার অ্যালাউন্স (গাড়ি ভাতা) ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
বিলে আপিল বিভাগের বিচারপতিদের বেতন ৫৩ হাজার ১০০ থেকে বাড়িয়ে ১ লাখ ৫ হাজার টাকা এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বেতন ৪৯ হাজার থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া প্রধান বিচারপতিসহ সব বিচারপতি বছরে দুবার মূল বেতনের সমান উৎসব ভাতা এবং ২০ শতাংশ বাংলা নববর্ষ ভাতা পাবেন বলে বিলে বলা হয়েছে।