বিচারপতিদের মনে করতে হবে তাঁরাও জনগণের মনোনীত: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, বিচারপতিদের মনে করতে হবে তাঁরাও জনগণের মনোনীত।স্পিকার বলেন, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি বিচারপতি নিয়োগ দেন। আর রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের মাধ্যমে। এর অর্থ, রাষ্ট্রপতি জনগণের মাধ্যমেই নির্বাচিত হন। এ জন্য বিচারপতিদের মনে করতে হবে, তাঁরাও জনগণের মনোনীত।সংসদ ভবনের এলডি হলে গতকাল শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। আবদুল হামিদ বলেন, ‘আমি বলেছিলাম, স্পিকার যদি সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে জনস্বার্থের পরিপন্থী আইন করে, তবে জনগণ সংসদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। একইভাবে বলেছিলাম, বিচার বিভাগ যদি বিচারের নামে অবিচার করে, তবে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াবে।’ স্পিকার বলেন , ‘ক্ষমতা পেয়ে গেলাম, আর ভাবলাম হাম (আমি) কী হনু রে, এটা ভাবলে সমস্যা।’আবদুল হামিদ বলেন, ‘আমি কারও নাম উল্লেখ করে কিছু বলিনি। ব্যক্তিগতভাবেও কাউকে কিছু বলিনি। অথচ আমাকে রাষ্ট্রদ্রোহী বলেছে।’ তিনি বলেন, ‘প্রধান বিচারপতি আমার বন্ধু। তাঁকেও মানুষের কথা ভেবে বিচার করতে হবে। এটা ম্যান্ডেটরি। রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভ একে অপরের শত্রু না। তিন বিভাগের মধ্যে ধাক্কাধাক্কি লেগে গেলে সমস্যা।’স্পিকার বলেন, ‘আমি ন্যায্য কথা বলতে পিছপা হই না। তেল দিয়ে রাজনীতি করি না।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন।