বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কি এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) বলেছেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুর গণতন্ত্রকেও রাখতে পারেনি৷ তারা গণতন্ত্রকে পদদলিত করেছে৷ একটা অবৈধ নির্বাচন করে মাত্র ৫ থেকে ১০ শতাংশ ভোট দিয়ে সরকার গঠন করেছে৷
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বি. চৌধুরী এ সব কথা বলেন৷
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বি. চৌধুরী বলেন, ‘আপনি বিচারপতিদের মাধ্যমে তাঁদের অবৈধ বলা নিষিদ্ধ করে দিয়েছেন৷ ঠিক আছে, অবৈধ বলব না৷ কিন্তু এতে তো নিশ্চয়ই একমত হবেন, ১৫৪টি আসনের ভোটারদের ভোট দিতে দেননি৷ এরপর ঘোষণা করলেন তাঁরা নির্বাচিত৷ এটা কোন ধরনের গণতন্ত্র?’ তিনি মন্তব্য করেন, একটি মানুষ যখন সব সিদ্ধান্ত নেয়, তখন দেশের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে৷
প্রয়াত জাতীয় নেতাদের স্মরণে বিকল্পধারা বাংলাদেশ এই আলোচনার আয়োজন করে৷ প্রতিষ্ঠার পর থেকে দলটি এ অনুষ্ঠানটি করে আসছে৷
বি. চৌধুরী বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আতাউল গনি ওসমানী, জিয়াউর রহমান—এঁদের বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লিখবেন কীভাবে? তিনি প্রয়াত জাতীয় নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার না করার জন্য সব রাজনৈতিক দল ও শক্তির প্রতি আহ্বান জানান৷
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আজ দেখি, যাঁরা মুক্তিযুদ্ধের ধারে-কাছেও ছিলেন না, এমন লোকেরা বিখ্যাত মুক্তিযোদ্ধাদের অশ্রদ্ধা করে কথা বলেন৷ সেদিন আওয়ামী লীগের এক নেতা বলেছেন জিয়াউর রহমান আইএসআইয়ের এজেন্ট ছিলেন৷ অথচ, তাঁদেরই নেতা (বঙ্গবন্ধু) জিয়াকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন৷ তাহলে কী, বঙ্গবন্ধুও আইএসআইয়ের এজেন্ট ছিলেন?’
নারায়ণগঞ্জের সাত খুন, ফেনীর উপজেলা চেয়ারম্যান ও পল্লবীর বিহারি কলোনিতে পুড়িয়ে মারার ঘটনার উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আজ আমরা এক দুঃসময়ে পড়েছি৷ যাকে গডফাদার বলা হয়, সেই জয়নাল হাজারীও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরি করেছেন৷ অবস্থাটা বুঝেন৷ যারা এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাদের রক্ষায় সরকার উদ্যোগী হয়েছে৷ তাহলে সাধারণ মানুষকে কে রক্ষা করবে?’ তিনি নিজের জীবন ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জানান৷
বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল আমিন ব্যাপারী, সহসভাপতি মো. ইউসুফ প্রমুখ৷