বিচারপতিদের রক্তদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি। ছবি: আসাদুজ্জামান
জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি। ছবি: আসাদুজ্জামান

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ঘোষণা করলেন, ‘এই প্রথমবারের মতো বিচার বিভাগ জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করছে। আমি কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি।’ প্রধান বিচারপতির ঘোষণার পরপরই হাইকোর্টের একজন বিচারপতি বললেন, ‘স্যার। আমি রক্ত দেব।’ ওই বিচারপতির এমন কথার পর প্রধান বিচারপতি বললেন, ‘হ্যাঁ। হ্যাঁ। আপনারাও রক্ত দেন। এটা খুব ভালো। ভালো।’

প্রধান বিচারপতির এমন কথার পর আরও কয়েকজন বিচারপতি চেয়ার থেকে উঠে এলেন। বেডে শুয়ে পড়লেন রক্ত দেওয়ার জন্য। একজন বিচারপতিকে বলতে শোনা যায়, ‘রক্ত দিতে পেরে তাঁর খুব ভালো লাগছে।’ প্রধান বিচারপতিও বলেন, ‘ইয়ং জাস্টিসরা বেশি বেশি করে রক্ত দেন।’

হাইকোর্টের কেবল চারজন বিচারপতিই নন, রক্ত দিয়েছেন সুপ্রিম কোর্টের কয়েকজন বিচার বিভাগীয় কর্মকর্তা। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে এই প্রথমবার সুপ্রিম কোর্ট কোনো কর্মসূচি হাতে নিয়েছে। এর আগে কখনই সুপ্রিম কোর্ট কোনো কর্মসূচি পালন করেনি।’ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘এই প্রথম বিচার বিভাগ জাতীয় শোক দিবসে রক্তদান কর্মসূচি পালন করছে। ঐতিহাসিক দিন হিসেবে আমরা এটা পালন করছি। এরপর থেকে গুরুত্বপূর্ণ সব দিবস পালনে বিচার বিভাগ পিছপা হবে না।’

রক্তদানকারী এক বিচারপতি আরেক বিচারপতিকে বলছিলেন ‘সুপ্রিম কোর্টের উদ্যোগেই রক্তদান কর্মসূচি। কর্মসূচি তো আমাদের। সুতরাং আমাদেরই তো এগিয়ে আসতে হবে। আমাদের রক্ত দেওয়া উচিত।’ রক্ত দেওয়ার পর খোশমেজাজে ছিলেন ওই চার বিচারপতি। তাঁরা হলেন বিচারপতি ইকবাল কবীর, বিচারপতি আশরাফুল কামাল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. খসরুজ্জামান।

বিচারপতিদের রক্ত দেওয়ার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা হোসনে আরা আক্তার রক্ত দেন। তিনি যখন রক্ত দিচ্ছিলেন, তখন বিচার বিভাগের কয়েকজন কর্মকর্তা নিজেরা গল্প করছিলেন। এরপর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার একান্ত সচিব আনিসুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ, ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) শেখ হাফিজুর রহমান রক্ত দেন।

আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি ও নিম্ন আদালতের বিচারকদের মিলনমেলায় পরিণত হয়েছিল রক্তদান কর্মসূচির স্থল। সুপ্রিম কোর্টের এই রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। প্রতিষ্ঠানটির অতিরিক্ত রেজিস্ট্রার ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক আসাদুল ইসলাম সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি। ছবি: আসাদুজ্জামান
জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি। ছবি: আসাদুজ্জামান
.
.
.
.
.
.
.
.
.
.
.
.