যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো এবং ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই স্কাইপে কথোপকথন ফাঁস করা হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল ও সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ১৪ দলের নেতারা।গতকাল বুধবার ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এক যৌথ সভায় ১৪ দলের নেতারা এ দাবি জানান। পূর্বঘোষিত ২২ ডিসেম্বরের গণমিছিল সফল করার লক্ষ্যে এ সভা হয়। ওই দিন ১৪ দল ঢাকাসহ সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল করবে।সভায় সিদ্ধান্ত হয়, গণমিছিল সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ১৪ দলের যৌথ সভা হবে। মিছিলের আগে ১৪ দলের শরিকদের কার্যালয়ে পর্যায়ক্রমে যৌথ সভা করারও সিদ্ধান্ত হয় সভায়। এ ছাড়া ১৪ দলকে ঢাকার বাইরে জেলা-উপজেলায় সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়।সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই স্কাইপে কথোপকথন ফাঁস করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার ও ট্রাইব্যুনালকে আইনগত ব্যবস্থা নিতে হবে। কারণ, একটা জাতির ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারে না।যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আপসের কোনো জায়গা নেই মন্তব্য করে মেনন বলেন, ‘আমাদের সামনে কোনো বিকল্প নেই। শত্রু এখন চিহ্নিত। তাদের পোষক খালেদা জিয়া। এদের বিরুদ্ধে লড়াই করলেই হবে না, পরাজিত করতে হবে।’আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম বলেন, ‘জামায়াত লবিস্ট নিয়োগ করেছে, আজ তার প্রমাণ পেলাম। ওরা যে কত সক্রিয়, তা প্রমাণিত হয়েছে।’ তিনি বলেন, ট্রাইব্যুনালের স্বচ্ছতা প্রমাণের জন্য নৈতিক কারণে এর চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তবে ট্রাইব্যুনালের কাজ বন্ধ থাকবে না।সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণ-আজাদী লীগের সভাপতি আবদুস সামাদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।