বিচারপতির গাড়ির চালক লাঞ্ছিত, ৩ পুলিশ প্রত্যাহার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের গাড়ির চালককে আজ বৃহস্পতিবার বিকেলে লাঞ্ছিত করেছে পুলিশ। শিশু একাডেমীর সামনে গাড়ি রাখা নিয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বিচারপতির গাড়ির চালক ইকবাল হোসেন জানান, বিচারপতি ফজলে কবীর বিকেলে বইমেলায় গেলে তিনি শিশু একাডেমীর সামনে গাড়ি থামিয়ে অপেক্ষা করছিলেন। সেখানে গাড়ি রাখার জন্য ট্রাফিক পুলিশের সার্জেন্ট এরশাদ তাঁকে গালাগাল দেন। তিনি পরিচয় দেওয়ার পরও সার্জেন্ট এরশাদ, কনস্টেবল নুরুজ্জামান ও পুলিশের অপর এক সদস্য খেপে গিয়ে গাড়িতে লাথি মারেন। সার্জেন্ট এরশাদ ও নুরুজ্জামানের নাম তাঁদের পোশাকে ছিল, অন্যজনকে তিনি শনাক্ত করতে পারেননি।
জানতে চাইলে পুলিশের ট্রাফিক (দক্ষিণ) বিভাগের উপকমিশনার খান মোহাম্মদ রেজোয়ান বলেন, ভুল-বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে। তবে এ ঘটনায় সার্জেন্ট এরশাদ, কনস্টেবল নুরুজ্জামান ও অপর এক পুলিশ সদস্যকে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রত্যাহার করে নিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।