বিচারপতির নেতৃত্বে তদন্ত চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি চায় বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির এই দাবির কথা জানিয়েছেন।
গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের কারামুক্তি উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান তাঁরা।
খালেদা জিয়ার নারায়ণগঞ্জ সফরের নির্ধারিত দিন নিহত সাতজনের পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানানোরও সমালোচনা করেছে দলটি। মির্জা ফখরুল বলেন, এটি কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তিনি বলেন, ‘এটাই হলো আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি। তারা বিরোধী দলকে কর্মকাণ্ড করতে দিতে চায় না।’
নারায়ণগঞ্জে অপহরণের পর খুন হওয়া সাতজনের পরিবারকে সমবেদনা জানাতে ১৪ মে সেখানে যাওয়ার কর্মসূচি রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ১৪ মে আমন্ত্রণ জানানো হয়েছে।
এলিট ফোর্স র‌্যাবের প্রয়োজনীয়তা নিয়ে আবারও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, অপহরণ, খুন-গুমে সরকার র‌্যাবকে ব্যবহার করছে। মির্জা ফখরুল বলেন, সাত খুনের ঘটনায় কারা জড়িত, তা এখন পরিষ্কার। কিন্তু সরকার মূল বিষয় ধামাচাপা দিতে চাইছে৷ তবে ঠিক কোন বিষয়টির কারণে তাদের মনে হচ্ছে সরকার মূল ঘটনা ধামাচাপা দিতে চাচ্ছে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি তাত্ক্ষণিকভাবে কোনো কিছু বলেননি৷
দলীয় সূত্রে জানা গেছে, ডেমরার সমাবেশে খালেদা জিয়া বক্তব্য দিতে পারেন। নারায়ণগঞ্জে সমাবেশের অনুমতি না পাওয়ায় ডেমরায় সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।