বিচারপতির বাড়ির সামনে থেকে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নোয়াখালীর সেনবাগের কাবিলপুর গ্রামের বাড়ির কাছাকাছি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক তিন যুবক হলেন জাহিদ হোসেন (২০), মো. রাশেল (১৮) ওমো. ওমর ফারুক (১৮)।

সেনবাগ থানার ওসি মো. সাইকুল আহম্মেদ ভূঁইয়া বলেন, ওই তিন যুবকসহ ১০ থেকে ১২ জনের একদল যুবক রাত সাড়ে ১০টার দিকে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বাড়ির আনুমানিক এক কিলোমিটার দূরে সড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে ব্যারিকেড দিয়ে ঘোরাফেরার সময় স্থানীয় ব্যক্তিরা তাঁদের আটক করেন। ওসি জানান, আটক যুবকেরা ওই এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আটক যুবকদের কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নোয়াখালীর সেনবাগের কাবিলপুর গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। জামায়াত-শিবির এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. এয়াছিন তাঁদের দলের কেউ বিচারপতির বাড়িতে হামলা করতে যাননি বলে দাবি করেছেন।