বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়নি
বিচারপতি মিজানুর রহমান ভূঁঞার বিরুদ্ধে গতকাল বুধবার পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেনি।১৭ ফেব্রুয়ারি একটি দৈনিকে নিহত স্থপতি ও ব্লগার আহমদে রাজীব হায়দারের সমালোচনা করে প্রতিবেদন ছাপা হয়। বিচারপতি মিজানুর রহমান তাঁর জমাদার ও পিয়নের মাধ্যমে ওই প্রতিবেদনের অনুলিপি সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের মধ্যে বিলি করান।মঙ্গলবার সংসদে সাংসদ মুজিবুল হক বলেন, রাজীব সম্পর্কে সাম্প্রদায়কি ও উসকানিমূলক একটি লেখা ওই বিচারপতি সুপ্রিম কোর্টে বিতরণ করেছেন। এতে রাজীবকে মুরতাদ বলা হয়েছে। লেখাটির অনুলিপি প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতির কাছেও পাঠানো হয়েছে। এতে সুপ্রিম কোর্টের খাম ব্যবহার করা হয়েছে।ওই দিন সংসদে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘এই যদি বিচারপতিদের অবস্থা হয়, দেশের মানুষ যাবে কোথায়? এর একটা সুরাহা হোক। আইনমন্ত্রী এ বিষয়ে একটি সমাধান দিতে পারেন। নইলে আমি রুলিং দেব।’আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছিলেন, বিচারপতি মিজানুর রহমানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নেওয়া সম্ভব। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।গতকাল রাতে জানতে চাইলে আইনমন্ত্রী প্রথম আলোকে বলেন ‘এখনো আনুষ্ঠানিক উদ্যোগ শুরু হয়নি। কারণ, ব্যবস্থা নেওয়ার ক্ষমতা হলো রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির। অপেক্ষা করুন এবং দেখুন।’