দুই বিচারপতির মৃত্যু: সুপ্রিম কোর্টে আজ ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত দুই বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও জে এন দেব চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের দুই বিভাগে আজ সোমবার এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের জানাজা সম্পন্ন হয়। বিচারপতির মরদেহ হেলিকপ্টারে করে তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নেওয়া হবে।

বিচারপতির জানাজার আগে আপিল বিভাগ বসেননি। জানাজা শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সম্প্রতি বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যু ও এর আগে হাইকোর্টের বিচারপতি জে এন দেব চৌধুরীর মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের দুই বিভাগে আজ এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ বজলুর রহমান শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি জে এন দেব চৌধুরী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।