নাম ও পদবি নিয়ে মিথ্যা পরিচয় দিয়ে এক বিচারপতির স্ত্রীর কাছে তাঁদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করায় পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। তিনি পুলিশের বিশেষ শাখায় কর্মরত।
গতকাল বুধবার বিচারপতি কাজী রেজা-উল হকের একক হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ৬ সেপ্টেম্বর বিষয়টি তালিকায় আসবে।
ওই পুলিশ কর্মকর্তা ঘুষ চাওয়ার সময় নিজের নাম আবদুস সালাম ও পদবি উপপরিদর্শক (এসআই) বলেছিলেন। তাঁর প্রকৃত নাম সাদেকুল ইসলাম, পদবি এএসআই।
সহকারী অ্যাটর্নি জেনারেল শামসুদ্দোহা তালুকদার প্রথম আলোকে বলেন, হাইকোর্ট বিভাগের এক বিচারপতির দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের (যাচাই) জন্য গত মঙ্গলবার তাঁর বাসায় যান ওই পুলিশ কর্মকর্তা। তাঁর নাম আবদুস সালাম ও পদবি উপপরিদর্শক বলে জানান। বিচারপতির স্ত্রীর কাছে দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য দুই হাজার টাকা দাবি করেন। বিচারপতির স্ত্রী যাতায়াত খরচ বাবদ ৫০০ টাকা দিলে তিনি দুই হাজার টাকা না দিলে হবে না বলে জানান। রাতে বিষয়টি পুলিশ সদর দপ্তরে জানানো হয় এবং ওই পুলিশ কর্মকর্তাকে বুধবার আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
গতকাল এএসআই সাদেকুলকে আদালতে হাজির করা হয়। শুনানির পর আদালত আদেশ দেন ও হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. কামাল হোসেন শিকদারকে ডেকে তাঁর কাছে সাদেকুলকে তুলে দেন।
পরে কামাল হোসেন শিকদার প্রথম আলোকে বলেন, সাদেকুলকে প্রথমে তাঁদের হেফাজতে রাখা হয়। পরে তাঁকে শাহবাগ থানা-পুলিশে সোপর্দ করা হয়। আদালত তাঁর (সাদেকুল) বিরুদ্ধে ১৬১ ধারাসহ সংশ্লিষ্ট আইনে মামলা করতে স্পেশাল অফিসারকে নির্দেশ দিয়েছেন। এর প্রস্তুতি শেষ পর্যায়ে। চাকরিচ্যুতির উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজিপির (এসবি) প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
রাতে যোগাযোগ করা হলে শাহবাগ থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাদেকুল তাঁদের হেফাজতে রয়েছেন।