প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আশা প্রকাশ করেছেন, অবসরপ্রাপ্ত ও বর্তমান বিচারপতিদের সবাই জাজেস কমপ্লেক্সের মর্যাদা রক্ষা করে চলবেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর আপিলের শুনানির সময় গতকাল বুধবার প্রধান বিচারপতি এ আশা প্রকাশ করেন। গতকাল এ মামলায় যুক্তি উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ। ১৫ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে দ্বিতীয় দিনের মতো মীর কাসেমের আপিলের শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন হাইকোর্ট বিভাগ থেকে সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও এস এম শাহজাহান।
শুনানির শুরুতে আসামিপক্ষে মামলা পরিচালনায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর বিষয়ে আপত্তি জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন। তিনি সরকারি বাসায় আছেন, সরকারি গাড়ি ব্যবহার করছেন। এ অবস্থায় তিনি আইনজীবী হিসেবে মামলায় অংশ নিতে পারেন কি না?
এ সময় প্রধান বিচারপতি বলেন, তাঁর অনুমতি নিয়েই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মামলায় অংশ নিয়েছেন। প্রধান বিচারপতি বলেন, জাজেস কমপ্লেক্সের মর্যাদা সবাই রক্ষা করবেন। যাঁরা অবসরে গেছেন এবং যাঁরা বর্তমানে বিচারপতি আছেন, তাঁদের সবার প্রতি এ অনুরোধ থাকল। পরে প্রধান বিচারপতির নির্দেশে নজরুল ইসলাম চৌধুরী পেপারবুক উপস্থাপন করেন। পেপারবুক উপস্থাপন শেষে আসামিপক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন এস এম শাহজাহান।
পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, নৈতিকভাবে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এ কাজ করতে পারেন না। তিনি সদ্য অবসরে গেছেন এবং এখনো সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। অন্য আইনজীবীরা এ সুবিধা পাচ্ছেন না। এখানে আইন নয়, নৈতিকতার প্রশ্ন জড়িত।
এ বিষয়ে নজরুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি যেন সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার না করি, সে বিষয়ে প্রধান বিচারপতি আমাকে সতর্ক থাকতে বলেছেন। আমি প্রধান বিচারপতিকে বলেছি, এ ব্যাপারে আমি সম্পূর্ণ ওয়াকিবহাল। আগেও আমি কখনো সরকারি বাড়ি ও গাড়ি ব্যবহারের ক্ষেত্রে অপব্যবহার হতে দিইনি।’ এক প্রশ্নের জবাবে তিনি প্রথম আলোকে বলেন, ‘অবসরের পর গত ৩ জানুয়ারি থেকে আমি আপিল বিভাগে মামলা পরিচালনা করছি। এর মধ্যে কয়েকটি মামলায় অ্যাটর্নি জেনারেল আমার প্রতিপক্ষ ছিলেন। এত দিন তিনি কোনো প্রশ্ন তোলেননি, কিন্তু আজ কেন আমার ব্যাপারে আপত্তি তুললেন সেটা উনিই ভালো বলতে পারবেন।’
গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হিসেবে অবসরে যান নজরুল ইসলাম চৌধুরী। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ের সূত্র বলেছে, উচ্চ আদালতের বিচারপতিরা অবসরে যাওয়ার পর এক বছর পর্যন্ত সরকারি গাড়ি ও বাসস্থানের সুবিধা পান।