মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারপ্রক্রিয়াকে নিরপেক্ষ ও স্বচ্ছ দেখতে চায় যুক্তরাষ্ট্র। গত বুধবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ওই অপরাধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় এ অভিমত জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি।
ওয়াশিংটনে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটনের দায়ে বাংলাদেশের একটি আদালত একজন ইসলামপন্থী নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাঁর সমর্থকেরা এ রায়ের প্রতিবাদ জানিয়েছেন। ‘মানবতাবিরোধী অপরাধের বিচার খুব স্বচ্ছ হচ্ছে না ও এ এক জটিল রাজনৈতিক বিভক্তি’ বলে আশঙ্কার কথাও প্রচলিত আছে। যুক্তরাষ্ট্র এসব ধারণা বিশ্বাস করে কি না।
জবাবে জেন সাকি বলেন, ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা করা প্রথম রায় থেকেই আমরা বলে এসেছি, মুক্তিযুদ্ধে যাঁরা নৃশংসতা দেখিয়েছেন তাঁদের বিচার করা আমরা সমর্থন করি। বাংলাদেশ ও বাংলাদেশের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে এ বিচারপ্রক্রিয়ার গুরুত্ব আমরা বুঝি।’
সাকি আরও বলেন, ‘আমরা এও বিশ্বাস করি, যে ধারণার অবতারণা আপনি (সংশ্লিষ্ট সাংবাদিক) করেছেন, এই বিচার হতে হবে নিরপেক্ষ ও স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ইন্টারন্যাশনাল কাভন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসসহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার মাধ্যমে বাংলাদেশ এ নীতি মেনে চলতে সম্মত।