সেক্টর কমান্ডারস ফোরামের বিবৃতি
বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই সাকার মুক্তি দাবি করা হচ্ছে
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মুক্তির দাবির সমালোচনা করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। সংগঠনটি মনে করে, সাকা চৌধুরীকে মুক্তি দিলে মানবতাবিরোধী অপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। কাজেই বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এ ধরনের দাবি তোলা হচ্ছে।গতকাল সোমবার ফোরামের সাধারণ সম্পাদক সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা সংসদসহ সব শ্রেণীর স্বাধীনতাপন্থী মানুষকে সাকা চৌধুরীসহ একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপকর্মের হোতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।বিবৃতিতে বলা হয়, বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার শর্ত হিসেবে সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির দাবি উত্থাপন করা হয়েছে। সবাই জানেন, সাকা চৌধুরী একজন চিহ্নিত যুদ্ধাপরাধী। দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে তিনি একজন গর্বিত রাজাকার হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। ঔদ্ধত্য দেখিয়ে মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতাকেও তিনি অস্বীকার করেছেন। তাঁর মতো একজন কুখ্যাত ও আত্মস্বীকৃত মানবতাবিরোধী অপরাধীকে জাতীয় সংসদের বাহানায় মুক্তি দেওয়া হলে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। বিবৃতিতে সাকা চৌধুরীসহ মানবতাবিরোধী অপরাধীদের বিচারপ্রক্রিয়া তরান্বিত করার দাবি জানানো হয়।