বিচারপ্রার্থী গৃহবধূর জুতাপেটা খেলেন ইউপি সদস্য
২০ হাজার টাকা নিয়ে সালিস না করায় টাকা ফেরত চাইতে গেলে গৃহবধূকে ভয়ভীতি দেখান ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। পরে ওই গৃহবধূ ক্ষিপ্ত হয়ে ওই সদস্যকে জুতাপেটা করেন। জনসমক্ষে ওই ইউপি সদস্য গৃহবধূর জুতাপেটা খেয়ে দৌড়ে পালিয়ে যান।
আজ বুধবার সকালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড-সংলগ্ন মাংসপট্টিতে এ ঘটনাটি ঘটেছে। দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের ওই সদস্যের নাম আবদুল জব্বার।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপচাঁচিয়া সদর ইউনিয়নের তারাজুন গ্রামের ওই গৃহবধূর সঙ্গে এক বছর আগে একই গ্রামের গোলাম মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকে গোলাম মোস্তফা তাঁকে বিভিন্নভাবে নির্যাতন করতেন। এ ঘটনায় তিনি গত মাসে তাঁর স্বামীর বিরুদ্ধে আদালতে নারী নির্যাতনের মামলা করেন।
ওই এলাকার ইউপি সদস্য আবদুল জব্বার মামলাটি তুলে নিয়ে থানায় বসে স্বামী-স্ত্রীর বিরোধ মিটানোর কথা বলে ২০ হাজার টাকা নেন। কিন্তু ওই সদস্য সালিসের নামে ওই গৃহবধূর কাছ থেকে স্ট্যাম্পে সই নেন। আজ সকালে উপজেলা সিও অফিস বাসস্ট্যান্ড-সংলগ্ন মাংসপট্টিতে গৃহবধূ আবদুল জব্বারের কাছে টাকা ফেরত চান। কিন্তু তিনি টাকা নিয়ে তাঁকে (গৃহবধূ) চড় মারেন। চড় খেয়ে গৃহবধূ পায়ের জুতা দিয়ে পাল্টা তাঁর গালে আঘাত করে। এ সময় হরতালে টহলরত পুলিশ এসে গৃহবধূকে শান্ত করলে ইউপি সদস্য সটকে পড়েন।
এ ব্যাপারে আবদুল জব্বারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের পরিচয় পেয়ে বলেন, ‘এখন ব্যস্ত আছি, পরে কথা হবে।’ পরে মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে আর কথা বলা সম্ভব হয়নি।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘এ ধরনের ঘটনা আমি শুনিনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’