‘১০ বছর ধরে প্রতি বছরই বলছি, আমার ভাই হত্যার বিচার চাই, খুনিদের শাস্তি চাই। যে জমির জন্য আমার ভাইকে জীবন দিতে হলো, সেই জমিতে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা হয়নি। আমার ভাইয়ের বিচার আর কত কাল আটকে থাকবে? আমি ভীষণ হতাশ।’নওগাঁর ভীমপুরের আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে ছোট বোন রেবেকা সরেন এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আজ ১৮ আগস্ট আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের ১১ বছর পূর্ণ হলো।জাতীয় আদিবাসী পরিষদ, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সবিন পাহান, উপদেষ্টা জয়নাল আবেদিন ও আইনজীবী মহসিন রেজা জানান, জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর মৌজায় সরকারের কয়েক শ বিঘা পরিত্যক্ত জমি ভোগদখল করে আসছিল স্থানীয় একটি জালিয়াত চক্র। এসব জমিতে চাষাবাদের জন্য আলফ্রেড সরেনসহ ১৮-২০টি সাঁওতাল পরিবারকে রাজশাহীর তানোর উপজেলা থেকে নিয়ে এসে ভীমপুর আদিবাসী পল্লিতে বসায় জালিয়াত চক্রেরই এক নেতা। পরবর্তী সময়ে আলফ্রেড সরেন যখন বুঝতে পারেন এ জমিগুলো ব্যক্তিমালিকানাধীন নয়, তখন তিনি আদিবাসী ও পার্শ্ববর্তী ভূমিহীন বাঙালিদের সংগঠিত করে সরকারের পরিত্যক্ত জমির ওপর দখল প্রতিষ্ঠার চেষ্টা চালান এবং ৬৪ বিঘা জমি দখলে নিতে সক্ষম হন। কিন্তু ভীমপুর আদিবাসী পল্লির লোকজনের ওপর নেমে আসে হুমকি-ধমকি ও মিথ্যা মামলার খড়্গ। আলফ্রেড সরেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ২০০০ সালের ১১ আগস্ট আলফ্রেড সরেনের নেতৃত্বে আদিবাসীরা মহাদেবপুর থানার সামনে বিক্ষোভ করে। ১৮ আগস্ট বিকেলে এক সমাবেশ আহ্বান করা হয়। কিন্তু সমাবেশ হওয়ার আগে ওই দিন দুপুরেই ভীমপুর আদিবাসী পল্লিতে হামলা চালানো হয়। আলফ্রেড সরেনকে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা ও কয়েকজনকে আহত করা হয়। তাঁরা আরও জানান, এ ঘটনায় সিতেশ ভট্টাচার্য ওরফে গদাই ও হাতেম আলীসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন রেবেকা সরেন। অন্যদিকে গদাই-হাতেমের পক্ষে এক আইনজীবী আলফ্রেড সরেনের ভাই কমল সরেনকে প্ররোচিত করে জননিরাপত্তা আইনে একটি মামলা করেন। মহাদেবপুর থানার পুলিশ দুটি মামলার একই অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে জননিরাপত্তা আইনে মামলা সংবিধানের পরিপন্থী উল্লেখ করে উচ্চ আদালতে রিট আবেদন করে আসামিপক্ষ। ফলে, নওগাঁ জেলা জজ আদালতে আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম স্থগিত হয়ে যায়। উচ্চ আদালত আসামিপক্ষের রিট আবেদন খারিজ করে দেন। এই খারিজের বিরুদ্ধে আপিল করে আসামিপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তা শুনানির অপেক্ষায় আছে।আইনজীবী মহসিন রেজা বলেন, ‘মামলার দীর্ঘসূত্রতার কারণে আলফ্রেড সরেন হত্যার বিচার কার্যক্রম আটকে আছে।’রেবেকা সরেন প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি ঢাকায় উচ্চ আদালতে গিয়েছিলাম মামলার তদবিরের জন্য। তিন দিন চেষ্টা চালিয়েও নথি খুঁজে পাইনি। হতাশ হয়ে ফিরে এসেছি। মামলার ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত।’