বিচারপ্রার্থীকে মারধর
কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছিল দুজন তরুণ। গত সোমবার রাতে গ্রামে বসেছিল সেই সালিস। রায় মানতে আপত্তি করায় সালিসেই মারধর করা হয়েছে বিচারপ্রার্থী বাবাকে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডুমুরতলা গ্রামে।ছাত্রীর বাবা জানান, গত ২৭ জুন দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মেয়ে বাড়িতে একা টেলিভিশন দেখছিল। এ সময় রাসেল (২২) ও মাজেদুল (২৪) বাড়িতে এসে তাকে ধর্ষণের চেষ্টা করেন। সে চিৎকার দিলে আশপাশের লোক-জন এগিয়ে আসে। তখন ওই তরুণেরা পালিয়ে যান। তিনি আরও জানান, মুঠোফোনে খবর পেয়ে তিনি শহর থেকে ফিরে এসে দুই তরুণের অভিভাবকদের ঘটনাটি জানান। এরপর তিনি মেয়েসহ মহেশপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু তা নথিভুক্ত করা হয়নি।সোমবার রাতে গ্রামে বিষয়টি নিয়ে সালিস বসে। সালিসে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য দাউদ হোসেনসহ গ্রামের অন্য মাতব্বররা। সালিসে উপস্থিত থাকা এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই সালিসে দুজন তরুণকে অভিযুক্ত করে তাঁদের মারধর করার রায় দেওয়া হয়। পরে তাঁদের পরিবারের লোকজন কয়েকটি চড়-থাপ্পড় মারলে তাঁরা সালিসস্থল ছেড়ে চলে যান। কিন্তু সালিসের এ রায় মেয়েটির বাবা মেনে নেননি।সালিসে উপস্থিত থাকা মাতব্বর জুলফিকার আলী জানান, তাঁরা চেয়েছিলেন একটা সমাধান হবে। কিন্তু সালিসের রায় পছন্দ না হওয়ায় মেয়েটির বাবা ক্ষোভ প্রকাশ করেন। আর এ সময় কে বা কারা তাঁকে মারধর করতে যায়।আওয়ামী লীগের নেতা দাউদ হোসেন বলেন, ‘তাঁরা যা করে দিয়েছেন, এটা না মেনে কোনো কিছু করতে গিয়ে মেয়েটির পরিবার লাভবান হতে পারবে না।’ মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিষয়টি সালিসে সমাধানের চেষ্টা করায় প্রথমে অভিযোগ নথিভুক্ত হয়নি। পরে গতকাল বুধবার অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।