বিচারপ্রার্থীদের সুবিধায় চট্টগ্রামে আরও দুটি আদালত চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপ্রার্থীদের সুবিধা ও মামলাজট কমাতে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলার জন্য পৃথক তিনটি আদালতের কাজ শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে পৃথক তিনটি এজলাসে বিচারকাজের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
এত দিন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে (এডিএম) পুরো জেলার বাসিন্দারা মামলা করতে পারতেন। আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলার বাসিন্দারা পৃথক তিনটি আদালতে মামলা করতে পারবেন।
এখন থেকে উত্তর চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও রাউজানসহ নয়টি থানার বাসিন্দারা একটি আদালতে; দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, পটিয়াসহ সাতটি থানার বাসিন্দারা আরেকটি আদালতে এবং নগরের ১৬ থানার বাসিন্দারা পৃথক আদালতে মামলা করতে পারবেন।
পৃথক তিনটি আদালত (এডিএম কোর্ট) চালুর বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো ও মামলাজট দূর করতে আলাদা আদালত চালু করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে বর্তমানে ১০ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে। পৃথক তিনটি আদালত চালু হওয়ায় মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যাবে।
চট্টগ্রামের সাবেক সহকারী সরকারি কৌঁসুলি মোস্তফা মোহাম্মদ এমরান জানান, এডিএম কোর্টে সাধারণত জায়গা-জমিসংক্রান্ত বিরোধ, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল এবং অবৈধভাবে কাউকে আটকে রাখার অভিযোগে মামলা করা হয়।