বিচারবহির্ভূত শাস্তির কোনো সুযোগ নেই: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে অংশ নিয়ে আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ‘আমাদের সংবিধান ও আইনে বিচারবহির্ভূত শাস্তির কোনো সুযোগ নেই। আমাদের মধ্যে এ নিয়ে বিতর্ক যত কমানো যায় ততই ভালো।’ গতকাল বুধবার আপিলের ওপর শুনানিতে কামাল হোসেন এ কথা বলেন।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয়জন বিচারপতির বেঞ্চ দ্বিতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেন। ফতোয়া অবৈধ ঘোষণা করে ২০০১ সালে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি চলছে।আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে শুনানিতে অংশ নিয়ে কামাল হোসেন বিভিন্ন মামলার নজির তুলে ধরে বলেন, ‘সংবিধান সর্বোচ্চ আইন। সংবিধান সব ক্ষমতা ও কর্তৃত্বের উৎস। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া না হলে নিরীহ ও গরিব মেয়েরা নির্যাতনের শিকার হতে থাকবে। আমাদের কি কোনো বিচারবহির্ভূত ক্ষমতা আছে? লেবাস পরে অসাংবিধানিক কোনো চর্চা করা যাবে না।’কামাল হোসেন আরও বলেন, বাংলাদেশ অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র। ইসলাম শান্তির বাণী নিয়ে এসেছে। যে ধর্ষণের শিকার হয়েছে, তাকে সাজা দেওয়া হচ্ছে; অথচ ধর্ষককে শাস্তি দেওয়া হচ্ছে না। ইসলামের অর্থ এটা নয়।শুনানির একপর্যায়ে আপিল আবেদনকারীদের আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, কোনো ব্যক্তি আইনবহির্ভূতভাবে কাউকে সাজা দিতে পারে না। এ জন্য আদালতের দ্বারস্থ হতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবে, তা হতে পারে না।শুনানির শুরুতে আপিলকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ইসলামি আইনে ফতোয়ার অপরিহার্যতা রয়েছে। হাইকোর্টের রায়ে নির্ধারণ করা হয়নি কী ফতোয়া দেওয়া যাবে আর কী ফতোয়া দেওয়া যাবে না।জানা যায়, ১০ বছর আগে হাইকোর্ট ফতোয়াবিরোধী রায় দিয়েছিলেন। ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইন কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল দায়ের করেন। গত ১৪ ফেব্রুয়ারি এ বিষয়ে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে টি এইচ খান, রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ, এ বি এম নূরুল ইসলাম, এম জহির, রাবেয়া ভূঁইয়া, এম আই ফারুকী ও রোকনউদ্দিন মাহমুদ রয়েছেন।