বিচারবহির্ভূত হত্যা, গুমের মতো ঘটনা কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার তাদের চার বছরে মানবাধিকার-পরিস্থিতির আশানুরূপ উন্নতি করতে পারেনি। সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে কিছু উন্নতি ঘটলেও বিচারবহির্ভূত হত্যা বা গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমছে না।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেসরকারি মানবাধিকার সংগঠনগুলোর জোট হিউম্যান রাইটস ফোরাম, বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন ফোরামের আহ্বায়ক সুলতানা কামাল। মোট ১৯টি সংগঠনের জোট এ ফোরাম। সংবাদ সম্মেলনে ‘জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনা এবং হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের প্রত্যাশা’ বিষয়ে মূল বক্তব্য পড়ে শোনান তিনি।২৯ এপ্রিল জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতির (ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ-ইউপিআর) আওতায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচিত হতে যাচ্ছে। এ অধিবেশনে যোগ দিতে ২০ এপ্রিল জেনেভায় যাচ্ছে এ ফোরাম। এ উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউপিআর জাতিসংঘ মানবাধিকার ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়া অধিকতর নতুন একটি পদ্ধতি। এ পদ্ধতির মূল লক্ষ্য, সদস্যরাষ্ট্রগুলোর মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানো এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়া। অধিবেশনে মোট তিন ধরনের মানবাধিকার প্রতিবেদন পর্যালোচিত হয়। এগুলো হলো সদস্যরাষ্ট্রগুলোর প্রতিবেদন, জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদন ও বেসরকারি সংস্থাগুলোর তৈরি প্রতিবেদন। এ তৃতীয় ধাপের প্রতিবেদন তৈরির মাধ্যমে ২০০৯ সালে প্রথম ইউপিআরের সময় গঠিত হয় এ ফোরাম। দ্বিতীয় পর্বের ইউপিআরে অংশ নিতে ইতিমধ্যে ফোরাম ২০০৯ থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর আলোকপাত করে প্রতিবেদন তৈরি করেছে। সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলোর মতৈক্য ছাড়া সংঘাত কমবে না।সরকার দলিত সম্প্রদায়ের মতো সমাজের অবহেলিত মানুষদের উন্নয়নে কিছু ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন নাগরিক উদ্যোগের জাকির হোসেন। প্রশ্নোত্তর পর্বে বক্তারা বলেন, ২০০৯ সালে বাংলাদেশ সরকার প্রথম ইউপিআরএ অংশ নিয়ে এর আগের চার বছরের মানবাধিকার পরিস্থিতির জন্য নিজেদের দায় অস্বীকার করে, যেহেতু এ সময়ে তারা ক্ষমতায় ছিল না। কিন্তু এবারের অধিবেশনে তাদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জবাবদিহি করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম ও আদিবাসী নেতা সঞ্জীব দ্রং।