বিচারবহির্ভূত হত্যা ও গুপ্তহত্যা বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দীনতা দূর করতে হবে, বন্ধ করতে হবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুপ্তহত্যা। পরিবর্তন আনতে হবে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গিতে। তা হলেই দেশে একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।গতকাল শনিবার বরিশালের সেলিব্রেশন পয়েন্টে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ‘বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা ও মানবাধিকার’ শীর্ষক এই সভায় বক্তারা আরও বলেন, আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংঘাতময় এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংসদ তালুকদার মো. ইউনুস বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলো সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারিনি। এটাকে পুঁজি করে স্বাধীনতাবিরোধী শক্তি বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর ওপর ভর করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে।’ তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সহাবস্থান সৃষ্টি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।’বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান বলেন, ‘আমাদের রাজনৈতিক ইতিহাস ভালো নয়। আমরা যার যার পক্ষে বক্তৃতা দিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘আমাদের সময় শুরু হলেও ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যা বন্ধ করতে হবে। এখন ক্রসফায়ারের সঙ্গে যুক্ত হয়েছে গুপ্তহত্যা। এ ধরনের হত্যার বিচারের বিষয়ে আইন থাকা জরুরি।’ অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ মো. হানিফ, বিএনপির সাবেক জেলা সাধারণ সম্পাদক এবায়দুল হক, বরিশাল নাগরিক সমাজের সদস্যসচিব মিজানুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ কে আজাদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল হাই ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল।