মানবাধিকার ফোরামের সংবাদ সম্মেলন
বিচারবহির্ভূত হত্যা গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ১৬তম অধিবেশনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও গুমের ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বক্তব্য ছিল বিশেষভাবে হতাশাজনক ও অগ্রহণযোগ্য। তিনি এ বক্তব্যের মাধ্যমে সত্যকে এড়িয়ে গেছেন বলে মনে করে মানবাধিকার ফোরাম বাংলাদেশ।
গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানবাধিকার ফোরাম বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এ কথা বলা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সভাপতি সুলতানা কামাল। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত র্যাব কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। আমরা দীর্ঘদিন ধরে এ ধরনের হত্যার প্রতিবাদ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আসছি।’
সুলতানা কামাল বলেন, ‘আমাদের দাবি, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও গুমের অভিযোগগুলো বিবেচনায় নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তি প্রদানসংক্রান্ত যেসব সুপারিশ সরকার গ্রহণ করেছে, সেগুলো দ্রুততার সঙ্গে সম্পাদন করে জনসম্মুখে প্রকাশ করা হোক।’আইন ও সালিশ কেন্দ্র (আসক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ), বাংলাদেশ আদিবাসী ফোরাম, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট, মানুষের জন্য ফাউন্ডেশন, নাগরিক উদ্যোগ, বাংলাদেশ মহিলা পরিষদ, নারীপক্ষসহ দেশের ১৯টি মানবাধিকার সংগঠন মিলে মানবাধিকার ফোরাম বাংলাদেশ গঠিত হয়েছে।
গত ২৯ এপ্রিল জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ১৬তম অধিবেশনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়। দীপু মনির বক্তব্যের পর ৯৭টি দেশের প্রতিনিধিরা ১৯৬টি সুপারিশ করেন। এর মধ্যে ১৬৪টি সুপারিশ বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। ২৫টি সুপারিশের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আগামী সেপ্টেম্বরে মানবাধিকার কাউন্সিলের অধিবেশন পর্যন্ত সময় নিয়েছে। সাতটি সুপারিশ প্রত্যাখ্যান করা হয়েছে। এ পর্যালোচনায় মানবাধিকার ফোরাম বাংলাদেশও অংশ নেয়। তাতে সরকারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া ও অবস্থান জানাতে গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মানবাধিকার উন্নয়নে বা সুরক্ষায় সরকারের কাজের যে মূল্যায়ন তুলে ধরেছেন, তার অনেক দিক নিয়ে দ্বিমত ও উদ্বেগ রয়েছে। তিনি বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সব নাগরিকের মানবাধিকার সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ এ সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্ম রেখে দেওয়ার মাধ্যমে ধর্মাবলম্বীদের নাগরিকবোধে আঘাত করা হয়েছে। আদিবাসীদের পৃথক জাতিসত্তার স্বীকৃতি দেওয়া হয়নি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সাভারে ভবনধসের ঘটনায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা তৈরি পোশাক ও কুটিরশিল্পের শ্রমিকদের সর্বোচ্চ আইনি ও পেশাগত সুরক্ষার জন্য সুপারিশ করেছেন। সেটা ছাড়া বাংলাদেশ সরকার অন্য সুপারিশগুলো গ্রহণ করেছে। এ সুপারিশটিও দ্রুত গ্রহণ করা হবে বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়। এ ছাড়া গৃহীত ও বিবেচনায় থাকা সুপারিশগুলোর বিষয়ে ব্যাপারে সরকার যেন বাস্তবভিত্তিক, দৃশ্যমান ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করে, সে দাবিও জানানো হয়।
সম্মেলনে অন্যান্যের মধ্যে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী পরিচালক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।