বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নাগরিক নিখোঁজ হওয়ার ঘটনা, নিরাপত্তা হেফাজতে নির্যাতন, নারী ও শিশুসংক্রান্ত ঘটনাকে প্রাধান্য দিয়ে কাজ করবে জাতীয় মানবাধিকার কমিশন। এসব ঘটনা ঘটলে কীভাবে বিচার করা হবে, তার একটি মানদণ্ড নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।গতকাল বৃহস্পতিবার কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এর চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, কারাগারে রাজনৈতিক নেতাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে কি না, এ বিষয়ে কমিশন সব সময়ই নজর রাখবে। এ ক্ষেত্রে সরকারি দল বা বিরোধী দল দেখবে না কমিশন। বৈঠকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আগে যেসব তদন্ত হয়েছে তাও নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়। এসব তদন্তে যদি কোনো অনিয়ম পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে নতুন করে তদন্ত করতে বলা হবে। তাতেও যদি কোনো অনিয়ম ধরা পড়ে তাহলে কমিশন তাদের নিজস্ব সেল দিয়ে তদন্ত করবে।কমিশনের চেয়ারম্যান বলেন, যদি দেখা যায় মানবাধিকার রক্ষায় প্রচলিত কোনো আইন সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে প্রয়োজনে ওই আইন সংস্কার করার সুপারিশ করবে কমিশন। তিনি বলেন, দেশে মানবাধিকারের বর্তমান অবস্থায় কমিশন উদ্বিগ্ন। এই অবস্থা আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করবে। এই অবস্থাকে কোনোভাবেই ছোট করে দেখার অবকাশ নেই।মিজানুর রহমান বলেন, কমিশনের জন্য একটি শক্তিশালী তদন্ত শাখা গঠন করা হবে। দেশে কোথাও বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে বা অভিযোগ পাওয়া গেলে এই শাখা তদন্ত করে প্রতিবেদন দেবে। এই প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে। কমিশনের চেয়ারম্যান বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গ্রেপ্তার করে জনসম্মুখে প্রকাশ না করা বা কোনো নাগরিক নিখোঁজ থাকা, নিরাপত্তা হেফাজতে মৃত্যু, কারাগারের পরিবেশ, বন্দীদের থাকা-খাওয়া, বন্দীদের মানবাধিকার—এসব দিক নিয়ে কাজ শুরু করবে কমিশন।বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কিত এক প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, রাষ্ট্রকে বাদ দিয়ে মানবাধিকার রক্ষা করার কোনো সুযোগ নেই। রাষ্ট্রকে নিয়েই কাজ করতে হবে। কমিশন যদি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে তাহলে কমিশন জনগণের সমর্থন পাবে। সে ক্ষেত্রে সরকারকে অবশ্যই সেটা মেনে নিতে হবে।