বিচারবহির্ভূত হত্যা নিয়ে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র
প্রধান বিরোধী দল ও ক্ষমতাসীন সরকারের মধ্যকার উত্তেজনার প্রশমন চায় যুক্তরাষ্ট্র। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও দেশটি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে। গত সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের উপমুখপাত্র মেরি হাফ এসব কথা বলেন।
সুষ্ঠু নির্বাচনের দাবির কথা উল্লেখ করে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা বলেন, ‘আমরা উত্তেজনার প্রশমন চাই।’ প্রেস ব্রিফিংয়ে মেরি হাফের উদ্দেশে একজন সাংবাদিক বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা একটি মামলায় একটি পত্রিকার সম্পাদক এখনো কারাগারে। মৃত্যুদণ্ডাদেশের মধ্য দিয়ে এর নিষ্পত্তি হতে পারে। বাংলাদেশের গণমাধ্যমের এই হলো বর্তমান পরিস্থিতি। দেশটির সংবাদমাধ্যমের স্বাধীনতা কণ্ঠরুদ্ধ। সরকারি হস্তক্ষেপে স্বাধীন বিচার বিভাগও এক ভয়ানক পরিস্থিতি ও বিতর্কের সম্মুখীন। এ ছাড়া গণতন্ত্রের নাম করে এখন চলছে বিচারবহির্ভূত হত্যা, অপহরণের ঘটনা। এ পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবস্থান কী?
জবাবে উপমুখপাত্র বলেন, ‘...আমরা বাংলাদেশসহ সব স্থানেই বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সমর্থন করি। আর এটি এমনই এক ইস্যু, যা নিয়ে আমরা সব সময় সরকারের সঙ্গে কথা বলি।’ তিনি গুরুত্ব দিয়ে বলেন, বিরোধী দল, সুশীল সমাজসহ প্রত্যেকেরই সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে দায়দায়িত্ব রয়েছে।