বিচারবহির্ভূত হত্যা বন্ধ হয়নি অক্টোবর মাসে পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবর মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে পাঁচ ব্যক্তি। এর মধ্যে চারজন র‌্যাবের ক্রসফায়ারে এবং একজন র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে মারা গেছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে দুই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হয়। তাদের আর খোঁজ মেলেনি।মানবাধিকার সংগঠন অধিকারের মাসিক মানবাধিকার প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। দেশজুড়ে মানবাধিকার-পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংগঠনটি গতকাল মঙ্গলবার তাদের অক্টোবর মাসের প্রতিবেদন প্রকাশ করেছে।বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে অধিকারের প্রতিবেদনে বলা হয়, সরকারকে সব ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতন বন্ধ করতে হবে।প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ধরে নিয়ে যাওয়ার পর অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের পরিবারগুলোর দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাদের ধরে নিয়ে গেছেন। অধিকার এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ ছাড়া দ্রুত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।অধিকারের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে সারা দেশে বিভিন্ন ঘটনায় ১০ জন সাংবাদিক দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত ও তিনজন লাঞ্ছিত হয়েছেন। গত ১২ অক্টোবর ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং আমার দেশ পত্রিকার ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামের ওপর ফেনী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। অধিকার এসব সন্ত্রাসীকে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে।