বিচারবহির্ভূত হত্যা বন্ধে আইন করার সুপারিশ আমলে নিচ্ছে না সংসদ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতন বন্ধে সংসদীয় কমিটির আইন প্রণয়নের সুপারিশ আমলে নিচ্ছে না জাতীয় সংসদ। প্রস্তাবিত আইনটিকে সরকারের জন্য স্পর্শকাতর বলে মনে করছে সংসদ সচিবালয়। তাই সরকারের সবুজ সংকেত ছাড়া সংসদ এই বিলটি পাসের জন্য বিবেচনায় নেবে না।বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটি গত বছরের ১০ মার্চ ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) বিল ২০১১’ পাসের সুপারিশ করে সংসদে উপস্থাপন করে। তার আগে ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর সাংসদ সাবের হোসেন চৌধুরী বিলটি সংসদে উত্থাপন করেন। সংসদীয় কমিটির সুপারিশের পর এরই মধ্যে ১৬ মাস পার হয়েছে।বিলটি সম্পর্কে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রের সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের অধিকারী। ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না, কিংবা নিষ্ঠুর, অমানবিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না। হেফাজতে নির্যাতন বা মৃত্যু বা বিচারবহির্ভূত হত্যা গুরুতর অপরাধ। এই অপরাধ বন্ধ করার জন্যই কমিটি বিলটি পাসের সুপারিশ করেছে।সংসদের স্পিকার আবদুল হামিদের বক্তব্যেও বিলটি পাসের ব্যাপারে ইতিবাচক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি প্রথম আলোকে বলেন, ‘সংসদ সচিবালয় থেকে বিলটির ব্যাপারে আমাকে এখনো কিছু জানানো হয়নি। জানালে ব্যবস্থা নেওয়া যাবে।’সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদের অধিবেশন চলাকালে প্রতি বৃহস্পতিবার মন্ত্রী ছাড়া অন্য সদস্যরা আইন প্রণয়নের উদ্দেশ্যে বিল (বেসরকারি বিল) উত্থাপন করতে পারেন। এরপর বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটি সেই বিল যাচাই-বাছাই করে পাসের জন্য সুপারিশ করতে পারে।প্রসঙ্গত, বর্তমান সংসদে এখন পর্যন্ত ১৬টি বেসরকারি বিল উত্থাপিত হয়েছে। এর মধ্যে পাস হয়েছে একটি।প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে তথ্য বা স্বীকারোক্তি আদায়ে নির্যাতন করলে এবং সন্দেহভাজন বা অপরাধী কোনো ব্যক্তিকে শাস্তি দিলে বা ভয়ভীতি দেখালে তা নির্যাতন হিসেবে গণ্য হবে। আরও বলা হয়েছে, সরকারি কোনো কর্মকর্তার হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু ছাড়াও আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক গ্রেপ্তারের সময় এবং কোনো মামলায় সাক্ষী হোক বা না হোক, জিজ্ঞাসাবাদের সময় কোনো ব্যক্তির মৃত্যু হলে তা হেফাজতে মৃত্যু হিসেবে বিবেচিত হবে।বিলের ১০ ধারামতে, এই আইনের অধীন অপরাধ আপসযোগ্য ও জামিনযোগ্য হবে না। ১২ ধারামতে, এই ধরনের অপরাধ যুদ্ধের হুমকি, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি, জরুরি অবস্থায় অথবা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করা হয়েছে—এমন অজুহাত গ্রহণযোগ্য হবে না। প্রস্তাবিত আইনে অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান করা হয়েছে।পাসের জন্য সুপারিশ করার আগে সংসদীয় কমিটি এই বিলটি নিয়ে সরকারের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সংবিধান বিশেষজ্ঞ আমীর-উল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, বার কাউন্সিলের সহসভাপতি আবদুল বাছেত মজুমদারসহ আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবীর মতামত গ্রহণ করে।সূত্র জানায়, কমিটি বিলটি পর্যালোচনার সময় এ-সংক্রান্ত আন্তর্জাতিক আইনকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করে। জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর নির্যাতন, অমানবিক আচরণ এবং শাস্তির বিরুদ্ধে একটি সনদ গ্রহণ করে। এতে বলা হয়েছে, সনদে স্বাক্ষরকারী প্রতিটি দেশ নির্যাতন, নিষ্ঠুরতা এবং অমানবিক আচরণকে অপরাধ হিসেবে গণ্য করে আইন প্রণয়ন করবে।সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ আইন প্রণয়ন করতে বাধ্য।৬৫ জনের মৃত্যু: মানবাধিকার প্রতিষ্ঠান অধিকার-এর হিসাব অনুযায়ী, ২০০৯ থেকে ২০১২ সালের জানুয়ারি পর্যন্ত নিরাপত্তা হেফাজতে ৬৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে র্যাবের হাতে ছয়জন, পুলিশের হাতে ৪৮ জন, বিজিবির হাতে ছয়জন, কোস্টগার্ডের হাতে একজন, কারা কর্তৃপক্ষের হেফাজতে চারজনের মৃত্যু হয়। একই সময়ে নির্যাতনের শিকার হয়েছেন ১৮১ জন। এর মধ্যে র্যাবের হাতে ৩৯, পুলিশের হাতে ১২৪, র্যাব-পুলিশের হাতে পাঁচজন, সেনাবাহিনীর হাতে একজন, বিজিবির হাতে তিনজন, কোস্টগার্ডের হাতে ছয়জন, কারা কর্তৃপক্ষের হেফাজতে একজন এবং টাস্কফোর্সের হাতে দুজন নির্যাতিত হন।