মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গ
বিচারবহির্ভূত হত্যা বন্ধে পদক্ষেপ নেই
সরকারের অঙ্গীকার সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা বন্ধ হয়নি। আর তা তদন্ত ও বন্ধে সমন্বিত কোনো পদক্ষেপও নেই। এসবের পাশাপাশি লোকজনকে বিনা বিচারে আটক রাখা, অনলাইনে মতপ্রকাশে বিধিনিষেধ, কাজের পরিবেশ ও শ্রমমানের খারাপ অবস্থা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অন্যতম সমস্যার দিক।
যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন ২০১৩ তে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য খারাপ দিক হিসেবে এ বিষয়গুলোকে অভিহিত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে তাঁর দপ্তরে বার্ষিক এ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
প্রতিবেদনে প্রতিটি দেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আলাদাভাবে পর্যালোচনা করা হয়েছে। বাংলাদেশ অংশে সাতটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটলে তাতে বিন্দুমাত্র ছাড় না দেওয়া এবং তদন্তের অঙ্গীকার করা হয়েছে সরকারের উচ্চপর্যায় থেকে। এর পরও বিচারবহির্ভূত হত্যা অব্যাহত থাকার ঘটনাকে সমালোচনা করা হয় মার্কিন প্রতিবেদনে। এতে বলা হয়, এমন ঘটনায় সব মিলিয়ে কতজন প্রাণ হারিয়েছেন, তারও পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে না। আবার এসব ঘটনার তদন্তে সমন্বিত কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার।
গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিচারবহির্ভূত হত্যার অভিযোগের ঘটনায় কারও বিরুদ্ধে ফৌজদারি শাস্তি দেওয়া হয়েছে কি না, এমন তথ্য পাওয়া যায়নি। শুধু কয়েকটি ক্ষেত্রে ছিল প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা। সরকার র্যাব সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে অভ্যন্তরীণ সেল গঠন করলেও গত বছর এ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে সন্দেহভাজন হত্যার অভিযোগে কোনো বিচার হয়েছে কি না, তাও জানা যায়নি।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রকে (আসক) উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, গত বছরের প্রথম নয় মাসে র্যাবসহ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সদস্যের হাতে ১৪৬ জন নিহত হন। নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অভিযানে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর হাতে লোকজনের প্রাণহানির ঘটনাকে কখনো ‘ক্রসফায়ার’, কখনো ‘বন্দুকযুদ্ধ’ কিংবা কখনো ‘মুখোমুখি সংঘর্ষ’ হিসেবে সরকার অভিহিত করেছে। ২০১২ সালে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ৭০ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন।
মানবাধিকার সংগঠন অধিকারকে উদ্ধৃত করে মার্কিন প্রতিবেদনে বলা হয়, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে ১৪ জন গুম হয়েছেন। ২০১২ সালে ওই সংখ্যা ছিল ২৪ জন। অন্যদিকে, আসকের তথ্য অনুযায়ী ২০১৩ সালে গুম হয়েছেন ৩৩ জন।
গত বছরের প্রথম নয় মাসে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ১৮৯ জন নিহত এবং ১০ হাজার ৪৮ জন আহত হন।
এতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর ওপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখতে সরকার একসময় ব্যর্থ হয়েছে। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মানবাধিকারের ক্ষেত্রে অন্য সমস্যাগুলো হচ্ছে বিনা বিচারে আটক, দুর্বল বিচারব্যবস্থা ও বিচার-প্রক্রিয়া শুরুর আগে দীর্ঘ সময় আটক রাখা। কর্তৃপক্ষ নাগরিকের ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রাজনৈতিক মদদপুষ্ট সহিংসতা ও ব্যাপক হারে দুর্নীতি প্রধান সমস্যা হিসেবে রয়ে গেছে। কিছু বেসরকারি সংস্থা তাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আইনগত ও তথ্যগত প্রতিবন্ধকতার মুখে পড়ছে। নারীরা শিকার হচ্ছেন বৈষম্যমূলক আচরণের। অর্থনৈতিক প্রয়োজন কিংবা কিছু ক্ষেত্রে পাচারের শিকার হয়ে কিশোরদের অনানুষ্ঠানিক খাতের শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। প্রতিবন্ধী লোকজন, বিশেষ করে প্রতিবন্ধী শিশুরা সরকারি স্কুলে ভর্তি হতে গিয়ে সমস্যার মুখে পড়ছে।
ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সামাজিক সহিংসতার ঘটনা দৃশ্যমান রয়েছে। যদিও সরকার ও নাগরিক সমাজের অনেক নেতা দাবি করেন, এসব সহিংসতার পেছনে অর্থনৈতিক কিংবা রাজনৈতিক কারণ জড়িত। শুধু ধর্মীয় বিশ্বাসের কারণে লোকজন সহিংসতার শিকার হচ্ছেন না।
সরকারি পর্যায়ে দুর্নীতি এবং এ-সংক্রান্ত দায়মুক্তির সমস্যা রয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আনা হত্যা ও নির্যাতনের অভিযোগের বিরুদ্ধে সরকার সমন্বিতভাবে কোনো তদন্ত ও বিচার করেনি।