বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবিতে আখাউড়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার মানবন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে ব্যবসায়ী শ্যামল চৌধুরী ওরফে সামাল হত্যার প্রতিবাদ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়।স্থানীয় সূত্রগুলো জানায়, গতকাল দুপুর ১২টায় জাসদের প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলের নেতা-কর্মীরা রেলস্টেশনের পাশে মানববন্ধন করেন। সেখানে জাসদের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নিহত ব্যবসায়ী শ্যামলের বড় ভাই জামাল চৌধুরী, জাহিদ হাসান প্রমুখ।বক্তারা শ্যামল হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও সব ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৮ ডিসেম্বর আখাউড়ার নূরপুর গ্রামের শ্যামল চৌধুরীকে (৩২) সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেন থেকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর সার্কেলের সদস্যরা। ট্রেনটি নরসিংদী জেলার কালীগঞ্জ পৌঁছালে তাঁকে হাতকড়া পরা অবস্থায় চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়।