
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েইন বলেছেন, বাংলাদেশের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে বিচারবহির্ভূত হত্যা মানা যায় না। এ ধরনের হত্যাকাণ্ডের বিচার করে দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।
গতকাল মঙ্গলবার ব্রিটিশ হাইকমিশন ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সোয়েইন এ মত দেন। বাংলাদেশ সফরের শেষ দিনে গতকাল তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। ২৩ আগস্ট প্রথম ঢাকায় আসেন তিনি। এ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের সঙ্গে দেখা করেন। যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্প দেখতে কুড়িগ্রামের চরাঞ্চল ও রাজধানীর কড়াইল বস্তিতেও যান তিনি। এ ছাড়া তৈরি পোশাক কারখানাও তিনি ঘুরে দেখেন।
ডেসমন্ড সোয়েইন বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ৩০ লাখ পাউন্ডের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। আন্তর্জাতিক খাদ্য কর্মসূচি ও যুক্তরাজ্যের অন্যান্য উন্নয়ন অংশীদারকে সহায়তায় ঘূর্ণিঝড় কোমেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ হাজারের বেশি বন্যাদুর্গতকে সহায়তায় এ অর্থ খরচ করা হবে।
বিচারবহির্ভূত হত্যা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার না হওয়ার বিষয়ে জানতে চাইলে সোয়েইন বলেন, ‘তিন দিনের সফরের ওপর নির্ভর করে এ বিষয়ে মূল্যায়ন করার মতো অবস্থানে আমি নেই। আমি শুধু বলতে পারি, এ ধরনের প্রতিটি অপরাধের তদন্ত এবং অপরাধীদের বিচার করা জরুরি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা করা উচিত। তাই বিচারবহির্ভূত হত্যা মানা যায় না। এ ধরনের অপরাধের তদন্ত এবং বিচার নিশ্চিত করার দায়িত্ব সরকার ও পুলিশের। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিক সমাজের কাজের ক্ষেত্র নিশ্চিত করার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বা ২০১৫-পরবর্তী উন্নয়ন লক্ষ্যে সুশাসন, স্থিতিশীল পরিবেশ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার মতো বিষয়গুলো যুক্ত হয়েছে। এ প্রসঙ্গে সোয়েইন বলেন, সক্রিয় নাগরিক সমাজ, গণমাধ্যমসহ শক্তিশালী প্রতিষ্ঠান, যা সরকারকে জবাবদিহির আওতায় আনবে—এমন একটি শান্তিপূর্ণ সমাজ দেখতে চান তাঁরা।
বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে জানতে চাইলে সোয়েইন বলেন, ‘কীভাবে সেটি অর্জন করতে হবে, তা বলাটা আমার কাজ নয়। দেশটা আপনাদের এবং আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাজনীতিবিদেরাই বিষয়গুলোর সুরাহা করে নেবেন।’
সুশাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্য কোনো কর্মসূচি নেবে কি না, জানতে চাইলে ডেসমন্ড সোয়েইন বলেন, ‘আপনাদের দেশ কীভাবে চলবে, বিদেশি রাজনীতিবিদ হিসেবে সেটি বলে দেওয়াটা আমার কাজ নয়। সমস্যার সমাধান বাংলাদেশের লোকজনকেই করতে হবে।’ তিনি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) বিভিন্ন সূচকে সাফল্যের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং আশা করেন, এসডিজির ক্ষেত্রেও বাংলাদেশ একইভাবে সফল হবে।
ব্লগার অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাশ ও নীলাদ্রি হত্যার অভিযোগে ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডেসমন্ড সোয়েইন বলেন, খারাপ লোক যুক্তরাজ্যেও আছে। পুলিশের দায়িত্ব অপরাধের তদন্ত করা এবং প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তি যুক্তরাজ্যের নাগরিক হলে তার বিচার করা উচিত।
রানা প্লাজা ধসের পর তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নয়নে যথেষ্ট উন্নতি হয়েছে বলে মনে করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী। তবে এ ক্ষেত্রে আরও অনেক কিছু করার আছে বলে মনে করেন তিনি।
পোশাকের গুণগত মান বাড়াতে মূল্যবৃদ্ধির বিষয়ে জানতে চাইলে ডেসমন্ড সোয়েইন বলেন, কেউ স্বতঃপ্রণোদিত হয়ে পণ্যের দাম বাড়াবে, এমনটা বিরল। তবে লোকজন দাম বাড়াতে তৈরি আছে। এ ক্ষেত্রে পণ্যের মান ও পরিমাণ বাড়াতে প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের আরও কিছু করার আছে।
বাংলাদেশের সাফল্যের প্রশংসা: বাসস জানায়, ব্রিটিশ প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েইন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন এবং নারী উন্নয়নে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছেন। গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, এমডিজি অর্জনে বাংলাদেশ একটি তারকা।
সোয়েইন বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়নের কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি পোশাক খাতের উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বাংলাদেশের গার্মেন্টস পণ্যের মূল্য আরও বৃদ্ধির জন্য পশ্চিমা ক্রেতাদের প্রতি আহ্বান জানান।