বিচারবহির্ভূত হত্যা রাষ্ট্রীয়ভাবে ঘটানো হচ্ছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন স্থানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্রীয়ভাবে ঘটানো হচ্ছে। বিরোধী দলকে নির্মূলে ক্রসফায়ারের সাজানো নাটক করে মানুষ হত্যা করা হচ্ছে। গতকাল সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের কোনো মানুষই নিজেকে নিরাপদ ভাবতে পারছে না। এটা আওয়ামী লীগ বা বিএনপির বিষয় নয়। এই হত্যাকাণ্ডের কারণে মানুষের কোনো মানবাধিকার থাকছে না।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সাতক্ষীরায় তিনজন, শৈলকুপায় একজনকে হত্যা করা হয়েছে। এভাবে সারা দেশে শতাধিক নেতা-কর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এত কিছুর পরও গণমাধ্যমে এসব খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হচ্ছে না। তিনি এই বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চান।
বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবি জানিয়ে ফখরুল বলেন, সত্য বললে ও সরকারের বিরোধিতা করলে তুলে নিয়ে হত্যা করা হবে, আর বিএনপি নীরব থাকবে, তা হতে পারে না।
বিএনপির এই নেতা বলেন, সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রদল নেতা আজহারুল ইসলামকে ‘ক্রসফায়ারে হত্যার’ যে আশঙ্কা বিএনপি আগেই প্রকাশ করেছিল, তা সত্যি হয়েছে। আজহারুল ইসলামকে রাতেই বিচারবহির্ভূতভাবে হত্যা করা হতে পারে বলে গত রোববার সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন আশঙ্কা করেছিলেন। এই আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। তিনি বলেন, গতকাল ভোর চারটায় তালা থানা থেকে এক কিলোমিটার দূরে তাঁকে চারটি গুলি করে হত্যা করা হয়।
সংবাদ সম্মেলনের আগে দলীয় কার্যালয়ে যৌথ সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল। সভায় কাল বুধবারের বিক্ষোভ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
কাল দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এই সরকার ‘অবৈধ’ উল্লেখ করে বিএনপি ওই দিন সারা দেশে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করবে। ইতিমধ্যে কর্মসূচি পালনের জন্য অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে দলটি। যদিও গতকাল পর্যন্ত অনুমতি দেয়নি পুলিশ।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।