ইপি প্রতিনিধিদলের সফর
বিচারবহির্ভূত হত্যা, সংখ্যালঘু নির্যাতন তদন্তে জাতিসংঘ দূতকে আমন্ত্রণের প্রস্তাব
সংখ্যালঘুদের ওপর হামলা, বিচারবহির্ভূত হত্যা ও গুমের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে ইউরোপীয় পার্লামেন্টের (ইপি) একটি প্রতিনিধিদল। এ বিষয়ে ইপি প্রতিনিধিরা জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ারকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতেও সরকারের প্রতি প্রস্তাব করেন।
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলটি দুই দিনের সফর শেষে গতকাল বুধবার এ অবস্থান জানিয়েছে।
ইপির দক্ষিণ এশিয়া সম্পর্ক বিভাগের প্রধান জিন ল্যাম্বার্টের নেতৃত্বাধীন দলটি বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে বলে গতকাল ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ইপি প্রতিনিধিদল এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে। এ ছাড়া তারা জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ব্যবসায়ী ও শ্রমিকনেতাদের সঙ্গে মতবিনিময় করে।
বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে আলাপের সময় প্রতিনিধিদলের সদস্যরা ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বর্তমান পরিস্থিতি এবং চলমান উপজেলা নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগ নিয়ে উদ্বেগ জানান। তাঁদের মতে, সংকট নিরসনে দুই রাজনৈতিক দলের সংলাপে অংশ নেওয়া উচিত। বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্বমূলক উপায়ে গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পাওয়ার পথ খুঁজে বের করতে দুই নেত্রীর সমান দায়িত্ব রয়েছে।
ইপি প্রতিনিধিদল নির্বাচন কমিশনকে শক্তিশালী করার পক্ষে মত দেয়। গত কয়েক বছরে কমিশনকে শক্তিশালী করতে ইউরোপীয় ইউনিয়ন এক কোটি ইউরো সহায়তা দিয়েছে। তাদের মতে, উপজেলা নির্বাচনে যেসব জায়গায় ভোট স্থগিত হয়েছে, সেখানে ‘পূর্ণ তদন্ত’ হওয়া উচিত।
নাগরিক সমাজের কাজের সুযোগ এবং স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করতেও প্রতিনিধিদল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বিশেষ করে, তারা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন (আইসিটি) সংশোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে। কেননা, এটি নাগরিকদের বিরুদ্ধে ‘অযৌক্তিকভাবে’ ব্যবহারের আশঙ্কা করা হচ্ছে।
সংখ্যালঘুদের ওপর হামলা, বিচারবহির্ভূত হত্যা ও গুমের খবরে উদ্বেগ প্রকাশ করে প্রতিনিধিদল এসব বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে। সেই সঙ্গে পুলিশের নির্যাতনের ব্যাপারে ন্যূনতম ছাড় না দেওয়ার নীতির প্রয়োগ এবং নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাসংক্রান্ত জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ারকে আমন্ত্রণের আহ্বান জানায়।
প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং তৈরি পোশাকশিল্পের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করে। তারা কারখানার নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার, বিশেষ করে শ্রম আইন সংশোধন এবং নতুন ২০০ পরিদর্শক নিয়োগের অগ্রগতির মূল্যায়ন করে। তাদের মতে, এখনো অনেক কিছু করার আছে। ইইউ-বাংলাদেশ সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট অনুযায়ী ইউরোপের ক্রেতা ও বাংলাদেশের কারখানা মালিকদের প্রতিশ্রুতি পূরণ করা উচিত। একইভাবে সরকারের শ্রম আইনের বিধিমালার বাস্তবায়ন, পরিদর্শক নিয়োগ, সমন্বিত প্রতিবেদন প্রকাশ, ন্যূনতম মজুরি বৃদ্ধির বাস্তবায়ন এবং রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাইকে ক্ষতিপূরণ দান ও পুনর্বাসন করা উচিত। প্রতিনিধিদল মনে করে, এসব পদক্ষেপ ২৪ এপ্রিলের মধ্যে পূরণ হওয়া উচিত, কারণ ওই দিন বিয়োগান্ত ঘটনাটির এক বছর পূর্তি হবে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে প্রতিনিধিদলটি মিয়ানমার থেকে নির্যাতনের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের রক্ষায় বাংলাদেশের নতুন কর্মকৌশল নিয়ে আলোচনা করে। তাদের মতে, নতুন এ কর্মকৌশলে মানবিক দিকটির ওপর বিশেষ গুরুত্ব এবং আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি সাহায্য সংস্থাগুলোর জন্য শরণার্থী ও স্থানীয় লোকজনকে সহায়তার সুযোগ থাকা উচিত।
বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইপি প্রতিনিধিদল মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। জিন ল্যাম্বার্ট আশাবাদ ব্যক্ত করেন, চলমান সংকট কাটিয়ে উঠে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সহনশীল দেশ হিসেবে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।