বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি সংসদে
‘ক্রসফায়ার’ এবং র্যাব-পুলিশের হেফাজতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন মহাজোটের শরিক জাসদের সাংসদ হাসানুল হক ইনু। জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার ৭১ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেন।বিচারবহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত ও প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে হাসানুল হক বলেন, পুলিশ ও র্যাবের কিছু কাজ জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। বিষয়টি একই সঙ্গে সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ন করে চলেছে। তিনি বলেন, সরকার যখন যুদ্ধাপরাধীদের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বিচারিক ব্যবস্থা নিয়েছে, তখন আইন প্রয়োগকারী সংস্থার হাতে বিচারবহির্ভূতভাবে মানুষ হত্যার অভিযোগ পত্রিকায় ছাপা হচ্ছে। ঘটে চলেছে অপহরণ, গুপ্তহত্যা, এনকাউন্টার আর ক্রসফায়ারের ঘটনা। সমাজের অন্ধকার দূর করতে হলে র্যাব ও পুলিশের হেফাজতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।হাসানুল হক অভিযোগ করেন, আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সাধারণ মানুষকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ আসছে। ঘুষ না পেলে মিথ্যা মামলার মাকড়সার জাল ফেলে আটক ব্যক্তিকে ক্রসফায়ারে দেওয়ার যুক্তি খোঁজা হয়। কোনো ব্যক্তিকে উঠিয়ে নেওয়ার পর তাঁদের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, র্যাব-পুলিশ তুলে নিয়ে গেছে। অথচ র্যাব-পুলিশ অস্বীকার করছে। তিনি বলেন, যেসব ক্রসফায়ারের ঘটনা ঘটছে, তার সঙ্গে যে পুলিশ ও র্যাব যুক্ত নয়, সে প্রমাণ তারা দিতে পারছে না। যদি র্যাব-পুলিশ এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তবে এ ধরনের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত কোন পর্যায়ের কর্মকর্তারা নিয়ে থাকেন? সাংসদ হিসেবে এ প্রশ্ন কেউই এড়িয়ে যেতে পারেন না। কারণ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের বিষয়টি মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল।হাসানুল হক আরও বলেন, পুলিশের হেফাজতে নির্যাতনের মাধ্যমে কাউকে মেরে ফেলা, শারীরিকভাবে নির্যাতন ইত্যাদি আইনবহির্ভূত কাজ। কেননা দোষী ব্যক্তিকে দণ্ড দেওয়ার একমাত্র এখতিয়ার আদালতের। বিশেষ কোনো ব্যক্তি বা মহলের নয়।প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে প্রতিবেদন দাবি: রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁস এবং বিডিআর মামলার অভিযোগপত্র দেওয়ার বিষয়ে সংসদে প্রতিবেদন দাবি করেছেন সরকারি দলের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, রংপুরে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা সম্পর্কে সংসদে শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য দেওয়া প্রয়োজন ছিল। কারণ সংসদকে জানানো প্রয়োজন সবার আগে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এক বছরের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগপত্র দেওয়া বর্তমান সরকারের একটি বিরাট সাফল্য। এ জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। তিনি এ বিষয়েও সংসদে বিস্তারিত জানানোর দাবি জানান।এ সময় সংসদে সভাপতিত্ব করা স্পিকার আবদুল হামিদ তাঁর এ প্রস্তাব সমর্থন করে বলেন, ‘সরকারের এসব সাফল্য সম্পর্কে অবশ্যই মন্ত্রীরা সংসদে বিবৃতি দিতে পারেন। তবে না দিলে কিছু করার নেই। আমি তো বলতে পারি না। কারণ স্পিকার হিসেবে আমি নিরপেক্ষ মানুষ।’