বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিদ্যমান নেই, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিদ্যমান নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য হাজেরা খাতুনের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন।
এর আগে হাজেরা খাতুন মন্ত্রীর কাছে জানতে চান, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে হাইকোর্টের রায় বাস্তবায়নে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না?’ এর জবাবে আসাদুজ্জামান খান বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ। এই সরকার কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন, অনুমোদন, অনুসমর্থন অথবা উৎসাহিত করে না। আইনসংগত দায়িত্ব-কর্তব্য পালনের ক্ষেত্রে কোনোরূপ ব্যত্যয় পরিলক্ষিত হলে সে বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়।
বিভিন্ন অভিযোগে ৫০৪ জনকে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরসহ বিগত পাঁচ বছরে ৬৬ হাজার ১৪ জন পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে বলে জাতীয় পার্টির সংসদ সদস্য শওকত চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানিয়েছেন। মন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অনুসন্ধান সাপেক্ষে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। বিগত পাঁচ বছরে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ৬১ হাজার জনকে লঘুদণ্ড, ৩ হাজার ৬০০ জনকে অন্যান্য গুরুদণ্ড ও ৫০৪ জনকে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
থানায় জিডি করতে অর্থ আদায় ও ভিকটিমকে নাজেহালের অভিযোগ বিষয়ে জাপার এই সাংসদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষ থানায় জিডি করতে গেলে কর্মরত কর্মকর্তার বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ সত্য নয়। ভিকটিমকেও নাজেহাল করা হয় না।
চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা ও পার্শ্ববর্তী দেশের চাহিদার ভিত্তিতে স্বর্ণ চোরাচালান হয়ে থাকে। ভারতে বিপুল পরিমাণে স্বর্ণের চাহিদার কারণে বাংলাদেশে আগত স্বর্ণ ভারতে পাচার হয়ে থাকে। বাংলাদেশে আটক স্বর্ণের মধ্যে অধিকাংশেই মধ্যপ্রাচ্য থেকে আসে। বাংলাদেশ স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার হয়ে থাকতে পারে বলে মন্ত্রী মন্তব্য করেন।
অপরাধীরা অপরাধের ধরন পরিবর্তন করে
মৌলভীবাজার-২ আসনের আবদুল মতিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীরা তাদের অপরাধের ধরন সময়ে সময়ে পরিবর্তন করে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিয়ে নিজেদের ছদ্মবেশে রেখে ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণের মতো অপরাধ সংঘটিত হওয়ার ঘটনা সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে। যাতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে। ইতিমধ্যে এ ধরনের কিছুসংখ্যক প্রতারক গোষ্ঠীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। পুলিশের নির্ধারিত পোশাক ও হ্যান্ডকাপ খোলাবাজারে বিক্রির বিষয়টি ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস্যদের তাঁদের ব্যবহৃত পোশাকের সঙ্গে নিজস্ব আইডি কার্ড ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সংরক্ষিত আসনের বেগম রিফাত আমিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে মাদকাসক্তের সঠিক কোনো পরিসংখ্যান নেই, তবে সঠিক পরিসংখ্যান নির্ণয়ের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জাতির পিতার খুনিদের দেশে আনার লক্ষ্যে কাজ চলছে
এই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতির পিতার খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে গঠিত টাস্কফোর্স দণ্ডপ্রাপ্ত খুনিদের অবস্থান চিহ্নিত করা এবং দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। এ ছাড়া ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে সাজাপ্রাপ্ত খুনিদের ছবিসংবলিত তথ্য প্রেরণপূর্বক তাদের অবস্থান চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ইন্টারপোলের গৃহীত পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী জানান, সাজাপ্রাপ্ত বিদেশে পলাতক ছয়জন আসামি—এ এম রাশেদ চৌধুরী, এস এইচ এম বি নুর চৌধুরী, শরিফুল হক ডালিম, আবদুর রশীদ, আবদুল মাজেদ, খান মোসলেমউদ্দিনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। ইন্টারপোল সদস্যভুক্ত সব দেশের এনসিবিকে বিদেশে পলাতক ছয়জন আসামি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে। আসামি এ এম রাশেদ চৌধুরীর অবস্থান যুক্তরাষ্ট্রে এবং এস এইচ এম বি নুর চৌধুরীর অবস্থান কানাডাতে শনাক্ত করা সম্ভব হয়েছে। এই দুটি রাষ্ট্রের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি না থাকায় তাদের বাংলাদেশে ফেরত আনতে বিলম্ব হচ্ছে। তবে খুনিদের দেশে ফিরিয়ে আনা ত্বরান্বিত করতে দেশ দুটিতে ল’ফার্ম নিয়োগের জন্য সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক অন্য আসামিদের অবস্থান নিশ্চিতকরণের জন্য ইন্টারপোল সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
বিশ্বে বাংলাদেশ দায়িত্বশীল হিসেবে স্বীকৃতি পেয়েছে
মো. মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে বাংলাদেশ একটি অত্যন্ত প্রতিশ্রুতিশীল, দায়িত্বশীলও সক্রিয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ভারত সরকারের সঙ্গে মোট ৯৩টি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল স্বাক্ষরিত হয়েছে।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, স্বাক্ষরিত চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকলের মধ্যে বর্তমান সরকারের দুই মেয়াদে ৫৬টি স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধুর শাসনামলে ১০টি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল স্বাক্ষরিত হয়। আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ আমলে স্বাক্ষরিত হয় ৯টি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ মঙ্গলবারের সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।