দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তাঁর দাবি, ‘অভিযানের সময় জামায়াত-শিবিরের লোকজন যৌথ বাহিনীর ওপর প্রথম গুলিবর্ষণ করছে। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আত্মরক্ষার জন্য গুলি চালাচ্ছে। এটাকে কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যা বলা যাবে না।’
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
নির্বাচনী সহিংসতার পর দেশজুড়ে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা অভিযান শুরু করেছেন। এ অভিযানে গ্রেপ্তারের নামে মানুষকে হয়রানি করা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অভিযোগ ওঠে। সংবাদপত্রে প্রকাশিত তথ্য থেকে দেখা গেছে, নির্বাচনের পর থেকে এ পর্যন্ত কথিত বন্দুকযুদ্ধে ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার নিহত হন দুজন। এর মধ্যে ১২ জন নিহত হয়েছেন যৌথ বাহিনীর অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’। আর চারজনের লাশ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
এর আগে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাঁদের ১৮৭ জন নেতা-কর্মীকে গুম করা হয়েছে, যদিও এর কোনো পূর্ণাঙ্গ তালিকা বিএনপি দিতে পারেনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করছে, প্রথমে তাদের চিহ্নিত করা হয়েছে। আমরা তাদের ভিডিও ফুটেজ দেখেছি। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে, সে ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। এসব লোকের নাম-ঠিকানা নিয়েই গ্রেপ্তার অভিযান হচ্ছে।’
এভাবে হত্যা মানবাধিকার লঙ্ঘন কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে বিশ্বাসী নই। তাই মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নই আসে না।’
বিরোধী দলের নেতা-কর্মীদের গুম করার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দল ভাবছে, আমরা শত শত মানুষ গুম করেছি। কিন্তু তা নয়। পারলে তারা এসব লোকের নাম-ঠিকানা বলুক। আসলে গ্রেপ্তার করতে গেলেই এরা বাড়িছাড়া হচ্ছে, পালিয়ে যাচ্ছে, আত্মগোপন করছে।’
এ ধরনের অভিযান কত দিন চলবে, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যে পর্যন্ত সব অপরাধী গ্রেপ্তার না হবে, সে পর্যন্ত এ অভিযান চলবে।
সরকারের কাছে তথ্য থাকার পরও কেন ‘অজ্ঞাত’ লোকদের মামলার আসামি করা হচ্ছে, জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পুলিশ যখন কাউকে চিহ্নিত করতে না পারে, তখনই অজ্ঞাতনামাদের আসামি করে। কেননা, কেউ বলতে চায় না প্রকৃত আসামি কারা। কিন্তু সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হলে তদন্তে কারা ঘটনার সঙ্গে জড়িত, তা বেরিয়ে আসে।’