বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলো: সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বললেও তা না কমে বরং বাড়ছে কেন? আপনি কী মনে করছেন?
আসাদুজ্জামান খান: দেখুন, আমি আগেও বারবার বলেছি, এখনো বলছি, দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না। যা হচ্ছে তা হলো: বিভিন্ন অভিযানের সময় অপরাধীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করছে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আত্মরক্ষার জন্য গুলি চালাচ্ছে। পরে এ গুলির বিষয়টি ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করানো হচ্ছে। তদন্তে যদি পুলিশের গাফিলতি পাওয়া যায় তবে তাকেও বিচারের আওতায় আনা হচ্ছে।
প্রথম আলো: এভাবে হত্যা কি মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ছে না?
আসাদুজ্জামান খান: যেখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না, সেখানে কীভাবে মানবাধিকার লঙ্ঘন হবে? দেখুন, আমরা বারবার বলি, আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে বিশ্বাসী নই। তাই মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নই আসে না।
প্রথম আলো: কয়েক বছর ধরে গুম হচ্ছে। কয়েকজন ফিরেও এসেছেন। এসে কিছু বলছেন না। এ বিষয়ে আপনার বক্তব্য কী?
আসাদুজ্জামান খান: গুম, নিখোঁজ নাকি অপহরণ—এ বিষয়গুলো আলোচনার আগে ঘটনাগুলো আপনাকে খতিয়ে দেখতে হবে। অনেক নিখোঁজের ঘটনাকে প্রথমে গুম বলা হয়। কিন্তু পরে দেখা যায়, নিখোঁজ ব্যক্তি নিজে থেকেই ফিরে এসেছেন। গুমের সংখ্যা, নিখোঁজের সংখ্যা আগের থেকে অনেক কমে গেছে। কেউ নিখোঁজ হলে আমাদের গোয়েন্দারা সব সময় তাকে উদ্ধারের চেষ্টা করেন। যাঁরা ফিরে এসেছেন, আপনারা তাঁদের সঙ্গে কথা বলেন, যদি তাঁরা অপরাধীদের শনাক্ত করতে পারেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
প্রথম আলো: ডির্যাডিক্যালাইজেশনের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেই। এতে জঙ্গি দমনে সাফল্য দীর্ঘস্থায়ী হবে কি?
আসাদুজ্জামান খান: অবশ্যই উদ্যোগ রয়েছে। পুলিশ বাহিনীতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন হয়েছে। জনসেবাধর্মী পুলিশি ব্যবস্থা ধরে রাখার জন্য তারা দায়িত্বশীল আচরণ করছে। জঙ্গি দমনে পুলিশ যে সাফল্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। পুলিশের এই কৃতিত্বপূর্ণ অবদান শুধু দেশেই নয়, বিশ্ববাসীরও কাছেও প্রশংসিত হয়েছে। দেখুন, এ সমস্যা শুধু পুলিশ সমাধান করতে পারবে না। এটা সামাজিক সমস্যা। তাই সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতাও দরকার।
প্রথম আলো: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ওঠে। সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ আছে।
আসাদুজ্জামান খান: পুলিশের বিরুদ্ধে যেকোনো অভিযোগ উঠলেই আমরা ব্যবস্থা নিয়ে থাকি। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে আমার জানা নেই। হয়তো আপনারা জানতে পারেন না। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে যে কেউ আমার কাছে আসতে পারেন। এ ছাড়া পুলিশের প্রশিক্ষণের ঘাটতি রয়েছে, দক্ষতার অভাব রয়েছে। যেকোনো অপরাধীকে বিচারের আওতায় আসতেই হয়।
প্রথম আলো: জঙ্গিবাদের কী অবস্থা?
আসাদুজ্জামান খান: বাংলাদেশে কোনো জঙ্গি থাকতে পারবে না। এটা ঠিক, দেশের অভ্যন্তরে জঙ্গি–সন্ত্রাসীরা সব সময়ই ছিল। এরা একেক সময় একেক নাম ধরে আসে। প্রথমে ছিল ইসলামী ছাত্রশিবির। সে সময় এরা পা কাটত, হাত কাটত। এরপর জেএমবি, বাংলা ভাই, হুজি, আনসারুল্লাহ—নানা নামে এরা তৎপরতা চালাচ্ছে। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর এগুলো নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গি তৎপরতা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আইএসের নামে জঙ্গিরা এ দেশে এসেছিল দু-একবার। কিন্তু তারা ঘাঁটি গাড়তে পারেনি। এদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। হয় তারা গ্রেপ্তার হবে, নয়তো দেশ থেকে পালাতে হবে।
সাক্ষাৎকার নিয়েছেন: রোজিনা ইসলাম