বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি চান খন্দকার মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মাহবুব হোসেন
খন্দকার মাহবুব হোসেন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। আজ রোববার দুপুরে বার কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমরা সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে বার কাউন্সিল, জাতীয় প্রেসক্লাব, মানবাধিকার সংস্থাসহ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করার আহ্বান জানাচ্ছি। স্বল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি। অন্যথায় বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সংস্থার সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করার জন্য আমরা বাধ্য হব।’

লিখিত বক্তব্যে খন্দকার মাহবুব আরও বলেন, দেশে আজ বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন ভয়াবহ আকারে দেখা দিয়েছে। বিরোধী দলকে নির্মূল করার জন্য সরকার ৫ জানুয়ারির নির্বাচনের আগে থেকে এখন পর্যন্ত এই হিংসাত্মক ও মানবতাবিরোধী কার্যক্রমে নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন তিনি।

বিভিন্ন সংবাদপত্র মানবাধিকার সংস্থার তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি বলেন, ২০০৯ সালে ২২৯, ২০১০ সালে ১৩৩, ২০১১ সালে ১০০, ২০১২ সালে ৯১, ২০১৩ সালে ৭১ ও ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৪ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, এ ছাড়া আরও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যা এখন প্রকাশের অপেক্ষায়। তাঁর অভিযোগ, বর্তমান সরকারের দলীয় সন্ত্রাসীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে বিরোধী মতবাদের ছাত্র ও সাধারণ ছাত্রদের ওপর নির্বিঘ্নে বর্বরোচিত হামলা চালাচ্ছে।
আজকের এ সম্মেলনে বার কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকনসহ অনেকেই উপস্থিত ছিলেন।