বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত হবে: আইনমন্ত্রী
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আমাদের অধিকার ও গণতান্ত্রিক সমাজে পুলিশের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও পুলিশ সম্পর্কে ১০১টি প্রশ্নোত্তর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নাগরিক উদ্যোগ ও কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ যৌথভাবে এই বইটি প্রকাশ করে।ব্লাস্টের চেয়ারম্যান ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, বিচারপতি আওলাদ আলী, সাবেক উপদেষ্টা ও আইজিপি এএসএম শাহজাহান, সাবেক আইজিপি নুরুল হুদা, মোহসীন আলী খান, উত্তম কুমার দত্ত প্রমুখ।প্রসঙ্গ ক্রসফায়ার: আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘আইনের কোনো বিধানেই বিচার ছাড়া কারও প্রাণ নেওয়ার অধিকার নেই। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ এ ধরনের হত্যাকাণ্ডে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পুলিশ কোনো অবস্থাতেই আইনের ঊর্ধ্বে গিয়ে কাজ করবে না, এটাই আমরা আশা করি।’ ক্রসফায়ার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডই কখনো সমর্থনযোগ্য হতে পারে না। পুলিশ-র্যাব বলে যে অনেক সময় নিজেদের অত্মরক্ষার্থে তারা মানুষকে হত্যা করতে পারে। বিষয়গুলো বিচার বিভাগ খতিয়ে দেখতে পারে।’নতুন আইন: আইনমন্ত্রী আরও বলেন, ‘আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, পেনাল কোড, দেওয়ানি-ফৌজদারি, অ্যাভিডেন্স অ্যাক্ট অনেক পুরোনো। মামলার সাক্ষীরা অনেক সময় ভয়ে সাক্ষী দিতে আসেন না। এ কারণে আমরা “উইটনেস প্রটেকশন অ্যাক্ট” নামে একটি আইন করার চিন্তা করছি, যাতে সাক্ষীরা নির্বিঘ্নে আদালতে আসতে পারেন।’আইনমন্ত্রী বলেন, কোনো কিশোর অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা না করে বিষয়গুলো বিকল্পভাবে নিষ্পত্তি করা যায় কি না, সে বিষয়টি ভেবে দেখতে হবে। যদি প্রতিবেশীর সঙ্গে তার বিবাদ হয়, তাহলে সেই বিবাদ মেটানোর উদ্যোগ নিতে হবে। কারণ জেলে গিয়ে সে আরও জঘন্য অপরাধী হয়ে উঠতে পারে।পুলিশের বেশির ভাগ মামলা প্রমাণিত হচ্ছে না: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘পুলিশ যে মামলাগুলো দিচ্ছে, তার শতকরা ৭৫ শতাংশ কেইস আদালতে গিয়ে প্রমাণ হচ্ছে না। তাহলে সরকারের আইন কর্মকর্তারা কী করছেন? কী কারণে এত বড় অ্যাটর্নি জেনারেলের অফিস, এত পিপি, জিপি? তাঁদের পেছনে রাষ্ট্রের এত অর্থ অপচয় করে লাভ কী।’পুলিশের সংখ্যার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে পুলিশের সংখ্যা সোয়া এক লাখ। এই পরিমাণ পুলিশ নিয়ে ১৫ কোটি মানুষের দেশে আইনশৃঙ্খলা রক্ষা করা একটা অসম্ভব ব্যাপার। কেবল হাতে একটা আলাদীনের চেরাগ থাকলেই এটা সম্ভব। তবুও আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েনি। এ জন্য পুলিশকে ধন্যবাদ দিতে হয়।’পুলিশ কাউকে গোপন স্থানে আটকে রাখতে পারে কি না, অথবা আটকের বিষয় অস্বীকার করতে পারে কি না, এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ময়মনসিংহের পুলিশ ১২ বছরের এক শিশুকে মোটরসাইকেল চুরির অভিযোগে ধরে এনে হাত-পায়ের নখে সুচ ঢুকিয়ে দিয়েছে।’ এ ঘটনা বলতে গিয়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন চেয়ারম্যান। তিনি আইনমন্ত্রীর কাছে বিষয়টি তদন্ত করে দেখার অনুমতি চান।জবাবে আইনমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, এ রকম ঘটনা যদি ঘটে থাকে, তাহলে তার প্রতিকার অবশ্যই রয়েছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিষয়টি দেখতে নিজেই যেতে পারেন।সাবেক পুলিশপ্রধান (আইজিপি) এএসএম শাহজাহান বলেন, ‘পুলিশ সম্পর্কে যেভাবে ঢালাও অভিযোগ করা হয়, অন্য পেশার ব্যক্তিদের সম্পর্কে সেটা করা হয় না। একজন পুলিশ ঘুষ খেলে বলা হয়, সব পুলিশ ঘুষ খায়। অথচ একজন ডাক্তার রোগীর পেটে তোয়ালে রেখে সেলাই করে দিলে বিষয়টি ঢালাওভাবে বলা হয় না।’সভাপতির বক্তব্যে কামাল হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু, এটা পুলিশকেই প্রমাণ করতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে হবে। পুলিশের কথা শুনলে মানুষের মধ্যে ভয় চলে আসে, এটা দূর করতে হবে।