বিচারবহির্ভূত হত্যার কৌশল পাল্টে এখন গুম করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কৌশল পাল্টে গেছে। আগে ক্রসফায়ার হতো, এখন নাগরিকদের তুলে নিয়ে গুম করা হচ্ছে। যাকে গুম করা হয় তার হদিস পাওয়া যায় না। পরিবার লাশের খোঁজও পায় না।গতকাল শুক্রবার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত মানবাধিকারকর্মীদের দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মিজানুর রহমান এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, পুলিশের নির্ধারিত পোশাক ছাড়া কাউকে গ্রেপ্তার বা আটক করা যাবে না। গ্রেপ্তার অভিযান কখনো সাদা পোশাকে হওয়া উচিত নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্ধারিত পোশাক পরে গ্রেপ্তার অভিযান চালাতে হবে।মিজানুর রহমান বলেন, কমিশনে অনেকে এসে নালিশ করেন কারও স্বামী, কারও ভাই, কারও বাবা, কারও ছেলেকে সাদা পোশাকধারী লোকেরা ধরে নিয়ে যাওয়ার পর গুম হয়ে গেছে বা খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন কমিশন র‌্যাব-পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও শুধু বলা হয়, ‘দেখছি’। এর বেশি কিছু কমিশনের করারও থাকে না।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের সময় বর্তমান সরকারের প্রতিশ্রুতি ছিল, ক্রসফায়ারের বিষয়ে জিরো টলারেন্স দেখানো হবে। নির্বাচনের পর পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ওয়াদা করেছিলেন ক্রসফায়ারে জিরো টলারেন্স দেখানো হবে, কিন্তু সেই ওয়াদা সরকার রক্ষা করেনি। এক সময় অপরাধীদের ধরে এনে ডিটেনশন দেওয়া হতো। এখন আর ডিটেনশন দেওয়া হয় না, একেবারে পরপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক আব্বাস ফয়েজ বলেন, বাংলাদেশে সরকারি বিভিন্ন সংস্থা ও পুলিশ মানুষের অধিকার রক্ষায় কাজ করে না। সরকার নাগরিকদের অধিকার রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি র‌্যাবের গুলিতে পঙ্গু লিমনের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করার জন্য সরকারের কাছে দাবি জানান। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন অধিকারের উপদেষ্টা ফরহাদ মজহার। অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আয়ারল্যান্ডভিত্তিক মানবাধিকার সংগঠন ফ্রন্টলাইন ডিফেন্ডারের এশিয়াবিষয়ক কো-অর্ডিনেটর পকপং লাওয়ানসিরি প্রমুখ। বিজ্ঞপ্তি।