বিচারবহির্ভূত হত্যার কড়া সমালোচনা মার্কিন প্রতিবেদনে
গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বাংলাদেশের উল্লেখযোগ্য মানবাধিকার সমস্যা হিসেবে দেখিয়ে এর কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন। এতে বলা হয়, নিরাপত্তা বাহিনী আইনের অপপ্রয়োগ করছে এবং দায়ী লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে।
‘মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন ২০১৫-তে এসব প্রসঙ্গ এসেছে। বিশ্বের ২০১৫ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের করা ওই প্রতিবেদনটি অবমুক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরে গত বুধবার এটি প্রকাশ করে জন কেরি বলেন, মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সব দেশের, এমনকি যুক্তরাষ্ট্র সরকারেরও করণীয় রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও ওই নির্বাচনকে বেশির ভাগ আন্তর্জাতিক পর্যবেক্ষক বিতর্কিত বলে চিহ্নিত করেছেন এবং তাঁরা বলেছেন, ওই নির্বাচনে আন্তর্জাতিকমানের ঘাটতি রয়েছে। প্রতিবেদনে ওই নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে বিএনপির অবরোধ ও সহিংস হরতালের কথা উল্লেখ করা হয়।
বিচারবহির্ভূত হত্যা, গুম ও ক্রসফায়ার: মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে সরকারি বাহিনীর হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে বলা হয়েছে, এর কোনো পরিসংখ্যান নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় সন্দেহজনক মৃত্যু, ‘ক্রসফায়ার’ ও গুমের উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। বিএনপির নেতা সালাহ উদ্দিনের উধাও হয়ে যাওয়া এবং ভারতের শিলংয়ে তাঁর রহস্যজনক আবির্ভাবের বিবরণও রয়েছে প্রতিবেদনে।
বাংলাদেশে দুর্নীতি ও সরকারের কাজকর্মের স্বচ্ছতাকে মানবাধিকারের সমস্যা হিসেবে প্রতিবেদনে চিহ্নিত করা হয়। নিরাপত্তা বাহিনীগুলো প্রসঙ্গে বলতে গিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দায়মুক্তির সুযোগে র্যাবসহ অন্য বাহিনীগুলো ক্ষমতার অপব্যবহার করেছে।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে বলা হয়, সরকার প্রায়ই এসব ঘটনাকে ‘ক্রসফায়ার’, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ হিসেবে বর্ণনা করেছে। মাঝেমধ্যে গণমাধ্যমও একই ভাষা ব্যবহার করে এসব ঘটনাকে যৌক্তিকতা দিয়েছে।
প্রতিবেদনের এসব বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বেশি গুরুত্ব দেওয়া হলেও এটা এই সময়ে এতটা গুরুত্ব পায় কি না, সেটি ভেবে দেখার বিষয়। কারণ সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, এ ধরনের হত্যাকাণ্ড কমেছে। তাই এ বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়ার নেপথ্যে যুক্তরাষ্ট্রের ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গি থাকতে পারে বলে মত দেন তিনি।
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আমি মনে করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সাধারণ মানুষের নিগৃহীত ও হয়রানির শিকার হওয়ার বিষয়টি বেশি গুরুত্ব পাওয়া উচিত। মানবাধিকার কমিশনে যেসব অভিযোগ আসছে, সেগুলোর বেশির ভাগই এ ধরনের।’
অপর এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘সাধারণ নাগরিকদের হয়রানি বন্ধে কমিশন সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে আসছে। আমরা বারবার বলে আসছি, কাউকে জবাবদিহির ঊর্ধ্বে রাখা উচিত নয়। কেউ গুম হলে রাষ্ট্র বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব থাকা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে চেয়ারম্যান বলেন, এই ব্যর্থতা রাষ্ট্রের।’
মতপ্রকাশের স্বাধীনতা: সংবাদপত্র ও মতপ্রকাশের পর কোনো কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপও এ দেশের অন্যতম মানবাধিকার সমস্যা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ভয়ভীতি দেখানো ও হয়রানির মাধ্যমে সরকার পরোক্ষভাবে গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।
যেসব গণমাধ্যম সরকারের সমালোচনা করেছে, তাদের সরকারের নানামুখী চাপে থাকতে হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, দেশের প্রতিষ্ঠিত দুটি পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার সরকারের সমালোচনা করে বলে তাদের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের জন্য যেতে দেওয়া হয় না। ওই দুটি বড় পত্রিকায় বিজ্ঞাপন না দেওয়ার জন্য বিভিন্ন সংস্থার চাপের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। এতে বলা হয়, বেশ কয়েকটি ক্ষেত্রে বিরোধী দলের খবর প্রকাশ না করতে বেসরকারি কয়েকটি টেলিভিশনকে বলা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে বলেন, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রতিবেদনের তথ্যগুলো বস্তুনিষ্ঠ নয়, কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলক। তিনি দাবি করেন, প্রথম আলো ও ডেইলি স্টারে সরকারি ও বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপন প্রকাশ হচ্ছে। ওই দুটি পত্রিকায় প্রধানমন্ত্রীর খবরাখবর ছাপা হচ্ছে, অনেক ক্ষেত্রে তাঁদের নিজেদের সাংবাদিকদের বরাত দিয়েই খবর ছাপা হচ্ছে। তা ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে না দেওয়ার কোনো লিখিত নির্দেশ নেই। তিনি আরও বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিরোধী দলের খবরই বেশি থাকে। তাই বাস্তবতা ও প্রতিবেদনের তথ্য মেলে না। অন্য দেশ সম্পর্কে গুজবের ওপর ভিত্তি করে প্রতিবেদন দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
প্রতিবেদনের একটি অংশে সংসদ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন প্রকাশের পর টিআইবির প্রতি সরকারি হুঁশিয়ারির কথাও তুলে ধরা হয়। টিআইবির ওই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংসদ পুতুল নাচের নাট্যশালা।
প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে চরমপন্থীরা একের পর এক মুক্তমনা ব্লগারদের হত্যা করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সমালোচনা করা হয়েছে প্রতিবেদনে। তবে অধ্যাপক মিজানুর রহমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। এ ধরনের বিচারে আন্তর্জাতিক মানদণ্ড সৃষ্টি করতে বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্র ভূমিকা রাখছে।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, প্রতিবেদনে প্রকাশিত বিষয়গুলো যুক্তরাষ্ট্রের বানানো নয়। যুক্তরাষ্ট্র মানবাধিকারের কোনো মানদণ্ডও নির্ধারণ করে দিতে চায় না। কারও ওপর আরোপও করতে চায় না। মানবাধিকারের বিষয়গুলো আন্তর্জাতিক এবং বিশ্বের বেশির ভাগ দেশ এসব মেনে চলতে অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, চার দশক ধরে যুক্তরাষ্ট্র প্রতিবছর বিশ্বের দেশগুলোর মানবাধিকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। কংগ্রেসে প্রণীত আইনের ফলে মার্কিন সরকারের এই প্রতিবেদন প্রকাশ করা বাধ্যতামূলক। এর ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য, নিরাপত্তা সহযোগিতা নির্ধারিত হয়ে থাকে। সারা বিশ্বের মানবাধিকারকর্মী, সরকারি মহল, শিক্ষা ও গবেষণায় এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করে।
প্রতিবেদনে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, কিউবা, ইরান, সুদান, মালয়েশিয়া, তুরস্ক, মিসর, কেনিয়া, কম্বোডিয়া, উগান্ডা, বলিভিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ইকুয়েডর প্রভৃতি দেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করা হয়েছে।
২০১৫ সালে মধ্যপ্রাচ্যে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বর্বরতা ও নৃশংসতার কড়া সমালোচনা করা হয়েছে।