বিচারবহির্ভূত হত্যার প্রমাণ পেলে ব্যবস্থা: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পত্রিকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যেসব প্রতিবেদন ছাপা হয়েছে, সেসব ঘটনার সত্যতা অনুসন্ধান করা হচ্ছে। বিচারবহির্ভূত হত্যার প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানা, ফ্রান্সের রাষ্ট্রদূত মিচেল ট্রিঙ্কাইয়ার ও সুইডেনের রাষ্ট্রদূত অ্যানোলি লিন্ডাল কেনির সঙ্গে বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। আইনমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে এ বৈঠক হয়। মন্ত্রী জানান, রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বিচারবহির্ভূত হত্যা, মৃত্যুদণ্ডের সাজা বিলোপসহ মানবাধিকার বিষয়ে আলোচনা হয়েছে।
আনিসুল হক আরও বলেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে। মুক্তিযুদ্ধের সময় যেসব নির্মম হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংঘটিত হয়েছে, তার একমাত্র সাজা মৃত্যুদণ্ডই হতে পারে। এসব অপরাধে জড়িতদের সাজা হিসেবে মৃত্যুদণ্ডের সঙ্গে কোনো আপস করা হবে না। এগুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সাজার বিষয়ে ভবিষ্যতে চিন্তা-ভাবনা করা হবে বলে তিনি রাষ্ট্রদূতদের জানিয়েছেন। বিজ্ঞপ্তি।