র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যে সদস্যরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় লিপ্ত ছিলেন, তাঁদের শাস্তি দেওয়ার বদলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেসব ঘটনার কথা অস্বীকার করেছেন। মন্ত্রণালয়ের তদন্তেও র্যাবের অপকর্মের প্রমাণ পাওয়া গেছে। সেখানেও কোনো শাস্তি দেওয়া হয়নি।যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ২২তম বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এভাবেই বর্ণনা করা হয়েছে। গতকাল রোববার হিউম্যান রাইটস ওয়াচ এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ৯০টিরও বেশি দেশের মানবাধিকার পরিস্থিতির সারসংক্ষেপ উল্লেখ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে ‘ক্রসফায়ার’ নাম দিয়ে ধামাচাপা দেওয়ার অভ্যাস র্যাবের কাছ থেকে অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো, বিশেষত পুলিশ অনুকরণ করছে। পুলিশের অত্যাচার, বিনা কারণে গ্রেপ্তার এবং ধরে নিয়ে যাওয়ার পর খোঁজ না পাওয়ার নতুন অভিযোগগুলো বাড়ছে।প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে দুটি ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব তদন্তে বেআইনিভাবে হত্যায় দোষীকে পাওয়া গেলেও তা ধামাচাপা দেওয়া হয়। বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুসারে, ২০০৪ সাল থেকে অন্তত এক হাজার ৬০০ ব্যক্তি বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দলটির যে নেতারা বিচারবহির্ভূত হত্যার জন্য র্যাবকে অভিযুক্ত করেছিলেন, এখন তাঁরাই দাবি করছেন, অপরাধীদের সঙ্গে গুলিবিনিময়ের সময় সকল মৃত্যুর ঘটনা ঘটছে।প্রতিবেদনের সুশীল সমাজবিষয়ক অংশে বলা হয়, বাধ্যতামূলক অবসরের বয়স পার হয়ে গেছে এই কারণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর পর থেকে তাঁর সমর্থকদের ওপর রহস্যজনক আক্রমণ বাড়ছে। মে মাসে ব্যাংকটির হিসাবরক্ষণ কর্মকর্তা সাগিরুর রশীদ চৌধুরীকে সাদা পোশাকের ব্যক্তিরা তাঁর কার্যালয়ের বাইরে থেকে তুলে নিয়ে যায়। যখন তাঁকে ছাড়া হয়, তাঁর শরীরে প্রচণ্ড মারধরের চিহ্ন ছিল। সাগিরুর বলেন, তাঁকে তুলে নিয়ে যাওয়া ব্যক্তিরা তাঁকে ইউনূসের প্রতি সমর্থন প্রত্যাহার করে একটি প্রকাশ্য বিবৃতি প্রকাশ করতে বলেছিল। সেপ্টেম্বরে গ্রামীণ ব্যাংকের ছয়জন মহিলা পরিচালক এবং পরিচালনা পর্ষদের একজন পূর্বতন পরিচালক (যারা সবাই ক্ষুদ্রঋণ থেকে লাভবান) পুলিশি কার্যকলাপের শিকার হন। পুলিশ তাঁদের ঘর তল্লাশি করে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে সংস্থাটি বলেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদানের ক্ষেত্রে ট্রাইব্যুনালের আইনটি ঠিকভাবে প্রয়োগ করা হয়নি। এটি এখনো আন্তর্জাতিক মাপকাঠিগুলোর চেয়ে কিছুটা কম রয়েছে। যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার সংজ্ঞাগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক মান মেনে চলা হয়নি।প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারত ২০১১ সালে বাণিজ্য ও সুরক্ষা-সম্পর্কিত চুক্তিগুলো স্বাক্ষর করে। ভারতীয় ভূখণ্ডে বেআইনিভাবে ঢুকে পড়া বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে ভারত সরকারের সীমান্তরক্ষী বাহিনীকে সংযম বজায় রাখার নির্দেশ দেওয়ার দায়বদ্ধতা থাকলেও তারা যথাযথভাবে তদন্ত করতে এবং হত্যাসহ নির্যাতনগুলোর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে।