বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে সন্ত্রাস নিয়ন্ত্রণের প্রবণতায় আসকের উদ্বেগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণের প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তারা আইনানুগ প্রক্রিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে।
গতকাল বুধবার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ ও দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ক্ষমতাসীন দলের ছাত্র ও যুব সংগঠনের কর্মকাণ্ডে সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সম্প্রতি মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে মায়ের জঠরে এক শিশু গুলিবিদ্ধ হয়। ঢাকার হাজারীবাগে ছাত্রলীগের থানা সভাপতি আরজু মিয়া ও তাঁর সঙ্গীরা পিটিয়ে হত্যা করে এক কিশোরকে। কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক আওয়ামী লীগ কর্মী নিহত হন। এ তিনটি ঘটনায় জড়িত ছাত্রলীগ ও যুবলীগের তিনজন কথিত ক্রসফায়ারে নিহত হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী ও ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি ওবায়দুল কাদের গণমাধ্যমে বলেছেন, ‘সরকার কঠোর অবস্থান নিয়েছে। অ্যাকশন শুরু হয়ে গেছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদমাধ্যমে আরও খবর এসেছে, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এক অনির্ধারিত আলোচনায় অপরাধী দলের হলেও ন্যূনতম কোনো সহানুভূতি দেখানো হবে না বলে প্রধানমন্ত্রী জানিয়ে দেন। অপরাধী দলের হলেও কোনো ছাড় না দেওয়ার এই সিদ্ধান্ত ইতিবাচক। কিন্তু সে কঠোরতা যদি অপরাধীদের আটকের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শাস্তি না দিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেখানো হয়, তাহলে তা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কোনো ভূমিকা তো রাখবেই না, বরং চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের পদক্ষেপ সন্ত্রাসীদের মদদদানকারী ক্ষমতাবানদের রক্ষার চেষ্টা হিসেবেও বিবেচিত হবে।