বিচারবহির্ভূত হত্যার স্বচ্ছ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সফররত মার্কিন উপসহকারী মন্ত্রী (ডেমোক্র্যাসি হিউম্যান রাইটস অ্যান্ড লেবার) রবার্ট বারশিনস্কি মার্কিন দূতাবাসে কয়েকজন সাংবাদিককে বলেন, সন্ত্রাসবাদবিরোধী অভিযানে ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উল্টো ফল দিতে পারে।
এক প্রশ্নের জবাবে রবার্ট বারশিনস্কি বলেন, ‘৯/১১-এর পর থেকে যুক্তরাষ্ট্রের পুলিশ, মানবাধিকার সংস্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম নিয়ে নানা বিতর্ক হয়ে আসছে। আইনশৃঙ্খলা রক্ষার কাজ খুবই বিপজ্জনক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, মার্কিন যুক্তরাষ্ট্রেও দায়িত্বরত অবস্থায় পুলিশ নিহত হয়। কিন্তু তারপরও দোষী ব্যক্তির ক্ষতি করা বা তাকে আঘাত করার বিষয়টি কখনোই মেনে নেওয়া হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রে যখনই সম্ভব, তখনই দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা হয়। কারণ, তাহলেই ওই নেটওয়ার্কের সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়। যেকোনো পরিস্থিতিতে আমাদের অবস্থান হলো, প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত হতে হবে।’
‘ক্রসফায়ার’ বা ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ কারণ হিসেবে প্রায়শই বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতাকে দায়ী করা হয়। এতে সুবিচার নিশ্চিত করা যায় না, আসামি জামিনে বের হয়ে যান বলে বিভিন্ন যুক্তি দেওয়া হয়। এই সম্পর্কে রবার্ট বারশিনস্কির মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল। এ দেশের সাক্ষ্য আইন ঔপনিবেশিক আমলের। শুধু স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর নির্ভর করায় বিচারপ্রক্রিয়ায় তার নেতিবাচক প্রভাব পড়ে। এতে আসামির ওপর নির্যাতনের ঘটনা ঘটতে পারে। তিনি জানান, আইনগুলোর আধুনিকায়নে যুক্তরাষ্ট্র সহযোগিতা দিচ্ছে।
রবার্ট বারশিনস্কি বাংলাদেশে এসেছেন ১ অক্টোবর। এ বছর এটি তাঁর দ্বিতীয় সফর। সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত নিরাপত্তা সংলাপে অংশ নেওয়া। তিনি বলেন, নিরাপত্তা সংলাপে বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে দুই দেশই সম্মত হয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ পাচ্ছেন। পুলিশের নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে। এমনকি নৌবাহিনীর সঙ্গেও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চার দিনের সফরে তিনি সরকারের মন্ত্রী, বিরোধীদলীয় নেতা, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।
রবার্ট বারশিনস্কি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে, বিরোধী দলকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমতি দেওয়া উচিত। তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক সমাজের প্রতিনিধিত্বমূলক সংগঠনগুলোর কার্যক্রম সংকোচন করা উচিত নয়। এতে বিচ্ছিন্নভাবে কেউ কেউ উগ্রবাদে জড়িয়ে পড়তে পারেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা সব দেশের জন্য একই। নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার, সব মতের প্রতিফলন থাকতে হবে। এক প্রশ্নের জবাবে সবশেষ সংসদীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচন পরিস্থিতিকে সে সময় জটিল করেনি। পরিস্থিতিই তখন জটিল ছিল।
রানা প্লাজা ধসের পর বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তায় কিছু উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে রবার্ট বারশিনস্কি মন্তব্য করেন। তবে আরও অগ্রগতি দরকার। মার্কিন যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশে শ্রমিকেরা সংগঠন করার অধিকার ভোগ করুন। কিন্তু ৬০টির মতো প্রতিষ্ঠানের শ্রমিকেরা ইউনিয়নের নাম নিবন্ধন করাতে গিয়ে ঝামেলায় পড়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে শ্রমিকেরা সংগঠন করা ও স্বাধীনভাবে মেলামেশার সুযোগ পাক। পোশাকশিল্প কারখানার উন্নতি হলে অন্যান্য কারখানার পরিস্থিতিতেও উন্নতি ঘটবে বলে তিনি মন্তব্য করেন।