বিচারবহির্ভূত হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার করেনি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন ও নির্বিচারে আটকের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে সরকার। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ‘বৈশ্বিক প্রতিবেদন ২০১৫’তে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, র্যা ব, পুলিশ ও বিজিবির বিরুদ্ধে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ থাকলেও নিরপেক্ষভাবে কোনো ঘটনার তদন্ত হয়নি।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বিশ্বের ৯৯টিরও বেশি দেশের মানবাধিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়। প্রতিবেদনে ২০১৩ সালের শেষ দিক থেকে ২০১৪ সালের নভেম্বর মাস পর্যন্ত সময়ের মানবাধিকার পরিস্থিতি মূল্যায়ন করা হয়।
২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের সহিংসতাকে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ সংঘাত বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। বলা হয়, ওই নির্বাচনে সংঘটিত সহিংসতার জন্য সরকারি ও বিরোধী দল উভয়েই দায়ী।
প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির মূল্যায়নে প্রথমেই ৫ জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ আসে। বলা হয়, প্রধান বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত ওই নির্বাচনে সহিংসতায় কয়েক শ মানুষ নিহত হয়। বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকেরা নির্বাচনের আগে ও পরে পেট্রলবোমা ছুড়ে ধর্মঘট পালন এবং অর্থনৈতিক অবরোধ সৃষ্টির চেষ্টা করে।