সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমের মতো বিষয়গুলো অস্বীকার করছে। কিন্তু সরকারকে তা স্বীকার করতে হবে। এ ধরনের অভিযোগে দ্রুততার সঙ্গে ফৌজদারি ও বিভাগীয় তদন্ত সম্পন্ন করতে হবে। রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে।
হিউম্যান রাইটস ফোরাম, বাংলাদেশ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের কাছে জমা দেওয়ার জন্য সরকারের পাশাপাশিযে ছায়া প্রতিবেদনের খসড়া চূড়ান্ত করেছে তাতে এসব কথা বলা হয়েছে।
২০টি মানবাধিকার সংগঠনের এই মোর্চা হিউম্যান রাইটস ফোরাম বলেছে, ২০১৩ সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৮২৩ জন। একই সময়ে গুমের শিকার হন ৩৪ জন।
ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) বা সর্বজনীন পুনর্বীক্ষণ জাতিসংঘ মানবাধিকার ব্যবস্থায় অন্তর্ভুক্ত একটি প্রক্রিয়া। ২০১৮ সালের মে মাসে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে ফোরামের এ প্রতিবেদন উপস্থাপন করা হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় পর্যায়ে খসড়া ইউপিআর স্টেকহোল্ডার প্রতিবেদনে’র ওপর মতবিনিময় সভার আয়োজন করে হিউম্যান রাইটস ফোরাম। এতে এ প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন ফোরামের সদস্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
হিউম্যান রাইটস ফোরামের সচিবালয় হিসেবে কাজ করছে আইন ও সালিশ কেন্দ্র। এই সংস্থার সংগৃহীত তথ্যসহ বিভিন্ন তথ্য (২০১৩-২০১৭) এবং ইউপিআরের দ্বিতীয় পর্যায়ে সরকার যেসব অঙ্গীকার করেছিল তার কতটুকু বাস্তবায়ন হয়েছে, সেসব তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশের বিভিন্ন অগ্রগতির কথাও তুলে ধরা হয়েছে।
হিউম্যান রাইটস ফোরামের আহ্বায়ক এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা সভার শুরুতেই প্রতিবেদন তৈরির প্রেক্ষাপট বর্ণনা করেন। সভায় সভাপতিত্বও করেন তিনি।
সভায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সরাসরি কথা বলেননি। তিনি বলেন, মানবাধিকার পরিস্থিতির দিক থেকে বাংলাদেশ খুব খারাপ বা অনেক ভালো অবস্থানে আছে তা বলা যাবে না। ফোরামের প্রতিবেদনের কিছু কিছু তথ্য আরেকটু যাচাই-বাছাই করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ইউপিআরের আগামী অধিবেশনে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা কার্যক্রম এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ভালো অবস্থানে থাকবে। গত ছয় মাসে কোনো সীমান্ত হত্যার ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
মৃত্যুদণ্ডের বিধান ও দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল-সংক্রান্ত যে পাঁচটি সুপারিশ এর আগে বাংলাদেশ গ্রহণ করেনি, সে প্রসঙ্গে সচিব শহীদুল হক বলেন, সমলিঙ্গের যৌন সম্পর্ক স্থাপনসহ অন্যান্য বিষয়ে এবারও সরকারের অবস্থান একই থাকবে।
তবে সভায় প্রশ্নোত্তর পর্বে সরকারের এমন অবস্থানে একমত পোষণ করেননি আলোচকেরা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এনামুল হক চৌধুরী এবং স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।
প্রতিবেদনে আরও যা আছে
ফোরামের প্রতিবেদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু প্রতিরোধ আইন (২০১৩)’ সংশোধনের দাবিকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সাল থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সীমান্ত সহিংসতায় মারা গেছেন ১৪৭ জন। ২০১৩ সাল থেকে গত বছর পর্যন্ত ১৪ জন মানবাধিকারকর্মী হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া গত বছর ১১৭ জন সাংবাদিক শারীরিক, মানসিকভাবে লাঞ্ছনা, হামলা ও মামলার শিকার হয়েছেন। যখন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবি উঠছে, তখনই প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনে একই ধরনের বক্তব্যের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। দেশের মাত্র ৬৫ শতাংশ যানবাহন লাইসেন্স রয়েছে এমন চালকেরা চালাচ্ছেন। যৌন নির্যাতনের শিকার ব্যক্তির ব্যক্তিগত পরিচয় সুরক্ষায় বাংলাদেশ এখন পর্যন্ত কার্যকর কোনো আইনি পদক্ষেপ নিতে পারেনি।