বিচারব্যবস্থাকে নারীবান্ধব হতে প্রধান বিচারপতির আহ্বান
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, দেশে নারীরা সামাজিক, সাংস্কৃতিকসহ নানা দিক থেকে অরক্ষিত। সমাজে বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণের শিকার নারীরা। তাই বিচারব্যবস্থাকে আরও নারীবান্ধব হতে হবে।‘বিচারিক ক্ষেত্রে জেন্ডার’ শীর্ষক এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি এ কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ মহিলা জাজ অ্যাসোসিয়েশন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। বিচারব্যবস্থার উন্নত মান নিশ্চিত করার মাধ্যমে নারীর অধিকারগুলোর আইনগত সুরক্ষার বিষয় বিবেচনায় রেখে এই কর্মশালার আয়োজন করা হয়।প্রধান বিচারপতি বলেন, নারীরা সামাজিক, ভৌগোলিক ও বিভিন্ন কারণে ‘ভিকটিম’ হচ্ছে। এসব বিষয় প্রতিরোধের জন্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নারীদের প্রতি শ্রদ্ধার অভাব, উগ্রবাদী চেতনার উত্থানের কারণেও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার।বাংলাদেশ সুপ্রিম কোর্ট নারীদের স্বার্থ সংরক্ষণে খুবই গুরুত্ব দিচ্ছেন বলে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, একটি কমিটি করা হচ্ছে, যারা নারীদের সহায়ক স্বাধীন সক্ষম বিচারব্যবস্থায় অগ্রণী ভূমিকা রাখবে।প্রধান বিচারপতি বলেন, সরকার নারী উন্নয়ন নীতি ২০১১ এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১১-১৫) বাস্তবায়ন করছে। স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন হলে লিঙ্গবৈষম্য কমে আসবে।কর্মশালায় সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ বলেন, নারীদের জন্য আরও উন্নত জেলখানা থাকা উচিত। শিশুদের জেলখানায় রাখা ঠিক নয়। সেখানে তারা মানবেতর অবস্থায় থাকে। ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টেফান প্রিসনার বলেন, শিশুদের জন্য সুব্যবস্থা এবং নারী-পুরুষ বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এ ক্ষেত্রে সমতা আনার উদ্যোগ জোরদার করা দরকার।মহিলা জাজ অ্যাসোসিয়েশনের সভাপতি লায়লা সালমা বানু কর্মশালায় সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সংগঠনের মহাসচিব হোসনে আরা আকতার। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিদন মালিক স্বাগত বক্তব্য দেন। প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ এবং ইউএনডিপির লিঙ্গ বিশেষজ্ঞ সুকি কেওয়াক। কর্মশালায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারক, মহিলা জজসহ অর্ধশতাধিক বিচারক, আইন পেশার সঙ্গে জড়িত ব্যক্তি এবং সরকারি আইন কর্মকতারা উপস্থিত ছিলেন।কর্মশালায় অন্য বক্তারা বলেন, ভিকটিম সেলে নারী ও শিশুদের নিরাপত্তা দিতে হবে, যাতে চিহ্নিত পুরুষ অপরাধীরা তাঁদের নির্যাতন করতে না পারেন। হেফাজতখানায় আটক শিশুদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করার কথাও বলেন তাঁরা। কর্মশালায় বলা হয়, মহিলা বিচারক পরিষদ এবং ইউএনডিপির পরিকল্পনায় ২০১২ সালে জাতীয় পর্যায়ের এটিই প্রথম কর্মশালা। দুটি সংস্থা একযোগে বাংলাদেশে নারীর আইনি ও সামাজিক সুরক্ষার পথ তৈরি করতে বদ্ধপরিকর।