বিচারব্যবস্থাকে সংকীর্ণ স্বার্থে ব্যবহারের চেষ্টা নিন্দনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্‌স্বাধীনতা, গণতন্ত্র ও জনস্বার্থে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে অপপ্রচার ও অহেতুক হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন দেশের ৩৫ জন বিশিষ্ট নাগরিক।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা এ দাবি জানান। তাঁরা বলেন, মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলাগুলো আইন ও বিচারব্যবস্থাকে সংকীর্ণ ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের নিন্দনীয় প্রচেষ্টা।

মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করে গতকাল বিবৃতিদাতা বিশিষ্ট নাগরিকেরা হচ্ছেন এম হাফিজউদ্দিন খান, আকবর আলি খান, রফিক-উল হক, এ টি এম শামসুল হুদা, হামিদা হোসেন, সৈয়দ আনোয়ার হোসেন, হোসেন জিল্লুর রহমান, শাহদীন মালিক, জাফরুল্লাহ চৌধুরী, ইফতেখারুজ্জামান, এম সাখাওয়াত হোসেন, সৈয়দ আবুল মকসুদ, বদিউল আলম মজুমদার, মঞ্জুর হাসান, তোফায়েল আহমেদ, আহমেদ কামাল, খুশী কবির, শিরীন হক, নায়লা জামান খান, লুবনা মরিয়ম, ফরিদা আক্তার, ফেরদৌস আজিম, সৈয়দা রিজওয়ানা হাসান, সারা হোসেন, সি আর আবরার, আসিফ নজরুল, রুবি গজনবী, শাহনাজ হুদা, মো. নূর খান, আক্তার আহমেদ, সাদাফ নূর, স্বপন আদনান, জাকির হোসেন, আনুশেহ আনাদিল ও মাসুদ খান।

বিবৃতিতে তাঁরা মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের জোর দাবি জানিয়ে বলেন, ‘ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের আইন ও বিচারব্যবস্থার মুখ্য উদ্দেশ্য। তাই রাজনৈতিক হাতিয়ার ও কৌশল হিসেবে আইন ও বিচারব্যবস্থাকে ব্যবহারের অপচেষ্টায় আমরা শঙ্কিত। এ ছাড়া মাহ্ফুজ আনামের বিরুদ্ধে এই ধরনের নিন্দনীয় কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বাক্স্বাধীনতাকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করবে এবং বাংলাদেশের ভাবমূর্তির অপূরণীয় ক্ষতির কারণ হবে।’

বিবৃতিতে বিশিষ্টজনেরা বলেন, ‘আমরা গভীর উদ্বেগ ও শঙ্কার সঙ্গে ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে সাম্প্রতিক অপপ্রচার ও হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনাগুলো লক্ষ করছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ তাঁরা বলেন, ২০০৭ সালের এক-এগারোর সময় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক প্রেরিত কিছু সংবাদ যাচাই না করে ছাপার জন্য তিনি দুঃখ প্রকাশ করে যে বিরল পেশাগত মূল্যবোধের পরিচয় দিয়েছেন, সে জন্য তাঁকে প্রশংসিত না করে নানাভাবে হেনস্তা করার এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত, বেদনাদায়ক ও হতাশাব্যঞ্জক। এটি ভবিষ্যতে সাংবাদিকদের, এমনকি যেকোনো মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভুল স্বীকার করতে নিরুৎসাহিত করবে এবং সমাজে মিথ্যাচারকে প্রশ্রয় দেবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা স্বাধীন সংবাদ প্রচারে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর হস্তক্ষেপ বন্ধে কী ধরনের আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করা প্রয়োজন, তা নিয়ে গঠনমূলক আলোচনা শুরু করার আহ্বান জানাচ্ছি। বর্তমানেও গোয়েন্দা সংস্থা ও পুলিশের হেফাজতে স্বীকারোক্তির নামে যাচাই করা ছাড়াই যেসব সংবাদ গণমাধ্যমে অহরহ প্রকাশিত হচ্ছে, তার যৌক্তিকতাও এই আলোচনায় অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে আমরা মনে করি।’

ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে একের পর এক মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের ১৯টি মানবাধিকার সংগঠনের জোট হিউম্যান রাইটস ফোরাম, বাংলাদেশ। ফোরামের আহ্বায়ক সুলতানা কামালের সই করা এক বিজ্ঞপ্তিতে মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে চলমান হয়রানিমূলক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি দাবি জানানো হয়। এতে বলা হয়, আইনি প্রক্রিয়ার নামে এ ধরনের হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য মোটেও ইতিবাচক নয়। এতে মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির এক বিজ্ঞপ্তিতে বলেছে, এভাবে আইনের অপব্যবহার করে যথেচ্ছভাবে মামলা দায়েরের ঘটনা গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতার প্রতি হুমকিস্বরূপ। এর ফলে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মুক্তবুদ্ধির চর্চা ভীষণভাবে বাধাগ্রস্ত হবে।

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক এক বিবৃতিতে মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির ঘটনার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও ছয় মামলা: ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে গতকাল ছয় জেলার মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের হওয়া ছয়টি মামলার মধ্যে তিনটি মামলায় সমন জারি করা হয়েছে।

ছয় মামলার মধ্যে পাঁচটিতে মানহানি ও একটিতে মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। চারটি মামলায় ১৩০ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়।

এ নিয়ে গত ১০ দিনে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে সারা দেশে ৭৫টি মামলা হয়েছে। এর মধ্যে ২১টিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়। আর মানহানির মামলাগুলোর মধ্যে ৪৮টিতে মোট ৭২ হাজার ৪১০ কোটি ৫০ লাখ টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়। প্রায় সব কটি মামলার বাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী ও সরকারি কৌঁসুলি।

ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

নড়াইল: রাষ্ট্রদ্রোহ ও ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে গতকাল মামলা করেন লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম অহিদুর রহমান। আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে লোহাগড়া থানার ওসিকে নির্দেশ দেন।

ময়মনসিংহ: এখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গফরগাঁও উপজেলা সভাপতি আলতাফ হোসেন ১০ কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৭ মার্চ মাহ্‌ফুজ আনামকে হাজির হতে সমন জারির আদেশ দিয়েছেন।

মাদারীপুর: জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিদ্দিকুর রহমান ১০ কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া: জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বিজয় কৃষ্ণ মল্লিক ১০ কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন।

কুমিল্লা: ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে কুমিল্লায় গতকাল মানহানির আরেকটি মামলা হয়েছে। ছয় মাসের সাজা চেয়ে মামলাটি করেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রেজ্জাক। আদালত অভিযোগ আমলে নিয়ে জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত করে আগামী ২৪ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

মাগুরা: জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার মানহানির মামলা করেন। বাদীর আইনজীবী রাশেদ মাহমুদ প্রথম আলোকে বলেন, আদালত বলেছেন, ১৯৮ ধারা অনুযায়ী মামলাটি আমলযোগ্য নয়। আদালত এ ব্যাপারে ৮ মার্চ সিদ্ধান্ত দেবেন।