বিচারব্যবস্থার গৌরব ফেরানোর আহ্বান প্রধান বিচারপতির
প্রায় ২৭ লাখ মামলার ভারে জর্জরিত ‘মরচে ধরা’ দেশের বিচারব্যবস্থার গৌরব ফিরিয়ে আনতে দ্রুত গতিতে মামলা নিষ্পত্তির জন্য নিম্ন আদালতের বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। একই সঙ্গে বিচার বিভাগের ওপর মানুষ যাতে আস্থা না হারায়, সে জন্য সময় থাকতে পদক্ষেপ নিতে তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে আবেদন জানিয়েছেন।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া এক সংবর্ধনা সভায় প্রধান বিচারপতি এস কে সিনহা গতকাল শনিবার সন্ধ্যায় এসব কথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সভায় দেশের আদালতগুলোতে মামলার পরিসংখ্যান তুলে ধরেন প্রধান বিচারপতি। তিনি বলেন, নিম্ন আদালতে এই মুহূর্তে ২৭ লাখ ১৩ হাজার ৩৭৩টি মামলা বিচারাধীন রয়েছে, যার বিপরীতে বিচারকের সংখ্যা এক হাজার ৯৪ জন। ২০০০ সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণের সময় ম্যাজিস্ট্রেসি থেকে ৪ লাখ ৮৪ হাজার ৮১২টি ফৌজদারি মামলা বিচার বিভাগের কাঁধে এসে পড়ে। ওই সময় এসব মামলা নিষ্পত্তির জন্য ৮৩৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার কথা হয়েছিল। কিন্তু কেন জানি না, আজ পর্যন্ত ওই নিয়োগের জট খুলল না।
এর আগে অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বর্তমান সরকারের আমলে বিচার বিভাগের উন্নয়নের বিভিন্ন কর্মসূচির বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের ৬৪ জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্প শুরু
হয়েছে। ৩৫টি জেলায় নির্মাণকাজ শুরু হয়েছে এবং পাঁচ জেলায় শেষ হয়েছে।
তবে মন্ত্রীর এই বক্তব্যের সূত্র ধরে প্রধান বিচারপতি বলেন, ফরিদপুরে তিন মাস ধরে নির্মাণকাজ প্রায় বন্ধ। অনেক জেলায় এখনো জমি অধিগ্রহণ হয়নি, নির্মাণস্থল চিহ্নিত হয়নি। যে গতিতে এটা এগোচ্ছে, তাতে শেষ হতে আরও ২০ বছর লাগবে।
সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহা ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবার রহমান সরকার।