বিচারব্যবস্থার বিকেন্দ্রীকরণ নিয়ে শফিক-সুরঞ্জিত বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনিব্যবস্থাকে দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিচারব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা উচিত কি না, সে প্রশ্নে বিতর্কে জড়ালেন আইনমন্ত্রী শফিক আহমেদ এবং একই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এবং এর বাস্তবায়ন বিষয়ে এক গবেষণার ফল নিয়ে সেমিনারে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই দুই নেতা বিভিন্ন বিষয়ে নিজের যুক্তি দিয়ে পরস্পরের বক্তব্য খণ্ডন করেন।‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর উদ্যোগে আফতাবউদ্দীনের ওই গবেষণায় দেখা গেছে, দরিদ্রদের আইনগত সহায়তা প্রদানে সরকারি বরাদ্দ থাকলেও মাত্র আটটি জেলা এই অর্থের সদ্ব্যবহার করতে পেরেছে। ১০ বছর পেরিয়ে গেলেও বেশির ভাগ ক্ষেত্রেই তৃণমূল পর্যায়ে এ সম্পর্কে সাধারণ মানুষ জানে না। আইনে থাকলেও ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের কমিটিগুলো সক্রিয় নয়। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ৯০ ভাগ মানুষ আইনি সেবা পাচ্ছে না। সাবেক রাষ্ট্রপতি এরশাদের সময় বিচারব্যবস্থার বিকেন্দ্রীকরণ করার প্রশংসা করে তিনি বলেন, আইনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আইনি সেবা দিতে আইনজীবীদের মানসিকতার পরিবর্তন করতে হবে বলেও মন্তব্য করেন সুরঞ্জিত। এর উত্তরে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, উপজেলা আদালত, মুন্সেফ আদালত প্রতিষ্ঠা করা হলে নানা রকম অসুবিধা হয়েছিল। উপজেলায় ভালো আইনজীবীর অভাব, বিচারকদের কার্যালয়, আবাসন ইত্যাদির সংকট রয়েছে। আইনজ্ঞ শাহ্দীন মালিক বলেন, সুপ্রিম কোর্টকে তৃণমূলে নিয়ে না যাওয়ার পক্ষে যুক্তি দেখানো হলেও সার্কিট বেঞ্চ যেতে পারে। উল্লেখ্য, ১৯৮৩ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সার্কিট বেঞ্চের ব্যবস্থা ছিল, যার আওতায় একটি বেঞ্চ দেশের বিভিন্ন জায়গায় বসতেন। ৯০ শতাংশ মানুষ আইনগত সহায়তা পাচ্ছে না—সুরঞ্জিতের এ মন্তব্যেরও বিরোধিতা করেন আইনমন্ত্রী। তিনি বলেন, আইন পেশা কোনো সেবামূলক বৃত্তি নয়। আইনজীবীরা মামলা নিয়ে উপার্জন করবেন, এটাই স্বাভাবিক। শফিক আহমেদ বলেন, জনগণের কাছে সেবা পৌঁছাতে আইনগত সহায়তা প্রদান আইন সম্পর্কে জোর প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া এ জন্য অফিস ও জনবল বাড়ানো হচ্ছে। বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ফরিদা ইয়াসমীন দাবি করেন, বেসরকারি সংস্থাগুলো অনেক বেশি টাকা পাচ্ছে এবং সদ্ব্যবহার করছে। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।