বিচারহীনতাই সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনার জন্ম দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাযুদ্ধের পর এ দেশে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা ঘটেছে, তার কোনোটির তদন্ত ও বিচার হয়নি। এই বিচারহীনতাই দেশে একের পর এক সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনার জন্ম দিচ্ছে। ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের অভিমুখে রোডমার্চের অংশ হিসেবে গতকাল রোববার ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসবিরোধী সমাবেশে এসব কথা বলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র আরও বলেন, ’৪৭ সাল থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসের সব ঘটনায় জামায়াত জড়িত। তবুও এ দেশের রাজনৈতিক দলের নেতারা জামায়াত-শিবিরকে রাজনৈতিক সংগঠন হিসেবে অভিহিত করে যাচ্ছেন। তিনি বলেন, সারা দেশে যেসব মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দাঁড়িয়েছেন, যাঁরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে রয়েছেন, তাঁরা নিজ নিজ জায়গা থেকে ঘুরে দাঁড়ালেই এ দেশ থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস ও তাদের মদদদাতা জামায়াত-শিবির এ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।
ইমরান এইচ সরকার বলেন, রোডমার্চ শেষে ঢাকায় ফেরার আগেই জামায়াত-শিবির নিষিদ্ধ করার পদক্ষেপ দেখতে চান তিনি। তিনি বলেন, সরকারের প্রতি আমাদের আহ্বান, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সাম্প্রদায়িক সন্ত্রাসের জন্য দায়ী ব্যক্তিদের বিচার করুন।
গণজাগরণ মঞ্চের রোডমার্চের গাড়িবহর রোববার বেলা আড়াইটার দিকে ঠাকুরগাঁও এসে পৌঁছায়। ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর পর বহরটি সদর উপজেলার গড়েয়া গোপালপুরে সাম্প্রদায়িক সন্ত্রাসবিরোধী সমাবেশে যোগ দেয়। সেখানে বক্তব্য দেন গড়েয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিয়ার রহমান ও গণজাগরণ মঞ্চের লাকী আক্তার। সমাবেশ শেষে গড়েয়া গোপালপুর গ্রামে সাম্প্রদায়িক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এরপর বিকেল সাড়ে চারটার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে সাম্প্রদায়িক সন্ত্রাসবিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সংগীতা ইমাম, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি মীর রাশেদুল আলম, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ছাত্র আন্দোলনের মনজুর রহমান, সাংসদ ইয়াসিন আলী, মুক্তিযোদ্ধা জীতেন্দ্র নাথ, রাজিউর রহমান, মকবুল হোসেন, মুহাম্মদ সাদেক কুরাইশী, সৈয়দ মেরাজুল হোসেন, আখতার হোসেন প্রমুখ।
এর আগে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধসহ তিন দফা দাবিতে গত শুক্রবার ঢাকার শাহবাগ থেকে ঠাকুরগাঁও অভিমুখে গণজাগরণ মঞ্চের রোডমার্চ শুরু হয়। ঠাকুরগাঁওয়ে সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।
শনিবার রাত সাড়ে আটটার দিকে রোডমার্চের গাড়িবহর দিনাজপুরে আসে। দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনাজপুর গণজাগরণ মঞ্চ আয়োজিত দিনাজপুরের আহ্বায়ক চেম্বার সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় ইমরান এইচ সরকার, দিনাজপুর উদীচীর সহসভাপতি রেজাউর রহমান প্রমুখ বক্তব্য দেন।
গতকাল বেলা ১১টার দিকে দিনাজপুরের কর্ণাই গ্রামে যায় রোডমার্চ। ইমরান সরকার গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে কর্ণাই স্কুল বাজারে আগুনে ধ্বংস হওয়া দোকানগুলোর জন্য ২০ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত ৫৩টি বাড়ির প্রতিটিকে ১০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে কম্বল দেওয়ার ঘোষণা দেন। তিনি সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন। ইমরান এইচ সরকার কর্ণাই গ্রামের হিন্দু সংখ্যালঘু পরিবারগুলোর উদ্দেশে বলেন, এই দেশে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের কোনো ঠাঁই নেই। ঐক্যবদ্ধ থেকে বুকে মুক্তিযুদ্ধের সাহস নিয়ে তাদের প্রতিহত করতে হবে। মঞ্চের অন্যতম কর্মী লাকী আক্তার ঐক্যবদ্ধ হয়ে দিনাজপুরকে জামায়াত-শিবির রাজাকারমুক্ত করতে কর্ণাইসহ দিনাজপুরের সব মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
ককটেল হামলার নিন্দা: বাংলাদেশ মহিলা পরিষদ গতকাল এক বিবৃতিতে বগুড়া ও দিনাজপুরে গণজাগরণ মঞ্চের রোডমার্চে ককটেল হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়।